ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক কর্তৃপক্ষ এ অনুমোদন দেয়।অভিযোগপত্রে ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, একই ব্যাংকের প্রধান কার্যালয়ের এসইভিপি মাহমুদ হোসেন, ইভিপি কামরুল ইসলাম এবং ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক।২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক শফিকুল ইসলাম। অভিযোগপত্রে বলা হয়, মো. আবদুস সালাম একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের (মেসার্স আবদুস সালাম) নামে ওরিয়েন্টাল ব্যাংকে প্রিন্সিপাল শাখায় একটি ভুয়া ব্যাংক হিসাব (হিসাব নং ১৩৩০০০২৮৩৩১) খোলেন। তদন্তে এই নামে কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি দুদক। পরে মিথ্যা সিআইবি রিপোর্ট, ভুয়া হাইপোথিকেশন মর্টগেজ, ভুয়া পোস্ট ডেটেট চেক দাখিল করে এক কোটি টাকার ঋণ আবেদন দেখিয়ে তা আত্মসাৎ করেন।