ওষুধ কোম্পানির কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ওষুধ কোম্পানির কর্মকর্তা ওয়াহিদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে আটক কিশোর আরিফুল ইসলাম ও ভাসাইকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব রামপুরার কমিশনার রোডের বস্তির যুবকেরা চাঁদার টাকা না পেয়ে ওষুধ কোম্পানির কর্মকর্তা ওয়াহিদুজ্জামানকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী হিসেবে স্থানীয় দুই-তিনজন যুবককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হবে। তদন্ত কর্মকর্তা জানান, ওয়াহিদুজ্জামান হত্যার পর আটক হওয়া আরিফুল ও ভাসাইকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁদের রিমান্ডে আনা হবে। গত মঙ্গলবার গভীর রাতে রামপুরার কমিশনার রোডে বাসার কাছে সন্ত্রাসীরা ওষুধ কোম্পানির কর্মকর্তা ওয়াহিদুজ্জামানকে (৩০) গুলি করে হত্যা করে। তিনি বনানীর টেকনো ড্রাগস কোম্পানি লিমিটেডের সিনিয়র প্রমোশন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি ফশফন পূর্ব রামপুরা কমিশনার রোডে ছোট ভাইয়ের ওষুধের দোকান সাজিদ হেলথ কেয়ারেও বসতেন।