রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের পিটুনিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের আহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। গতকাল বুধবার তাঁরা বাবুবাজার ও মিটফোর্ড এলাকা পরিদর্শন করে ওষুধ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা ডিবি পুলিশ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করবেন না বলে আশ্বাস দেন।তদন্ত কমিটির আহ্বায়ক ডিবির উপকমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলাম, সহকারী কমিশনার মোহামঞ্চদ সারোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা গতকাল দুপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে সমিতির নেতারা ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সভায় উপস্থিত ছিলেন সমিতির ডেপুটি সেক্রেটারি এ এস এম মনির হোসেন, ঢাকা শাখার সহসভাপতি জাহিদ শরীফ, সদস্য তোফাজ্জল হোসেন, গাজীপুর জেলা শাখার সভাপতি খোরশেদ আলম প্রমুখ। পরে তাঁরা সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও কয়েকজন ওষুধ ব্যবসায়ীর সাক্ষ্য গ্রহণ করেন। যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ৪২ নম্বর মিটফোর্ড রোডের হাজি জামান ম্যানশনের ‘মেডিসিন ফেয়ার’ নামে ওষুধ দোকানের মালিক মো. লিটন, মেট্রো মার্কেটের সভাপতি মো. বাবুল। তদন্ত কমিটির আহ্বায়ক মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আশা করছি, তিন কার্য দিবসের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’ তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ‘পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো অন্যায় বা অপকর্ম করলে তাঁদের ধরে রাখবেন। দোষীদের আইন অনুযায়ী বিচার করা হবে। কিন্তু অন্যায়ভাবে তাঁদের মারধর করা যাবে না। গাড়ি ভাঙচুর বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না।’