ওষুধের মোড়কে দাম লেখা না থাকায় জরিমানা
ওষুধের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় রাজধানীর মোহাম্মদপুরের দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান দল গতকাল রোববার এই জরিমানা করে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকারী দলটি গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক সিটি করপোরেশন মার্কেটে অভিযান চালায়। ওই মার্কেটের লিড ফার্ম ও আহমেদ ফার্মার কিছু ওষুধের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এ ছাড়া আহমেদ ফার্মায় কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান দলটি একই মার্কেটের তোহা ব্রেড অ্যান্ড সুইটস, প্যারামাউন্ট স্টোর ও স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানগুলোর ড্যানিশ, স্টারশিপ কনডেন্স মিল্ক ও ট্যাংয়ের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠান তিনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া অভিযান দলটি একই মার্কেটের নাদিম বিরিয়ানি হাউজ ও জান্নাত হোটেলে অভিযান চালায়। প্রতিষ্ঠান দুটিতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিতরণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী সচিব আবুল হাশেম। এ সময় বিসিএসআইআর, মৎস্য অধিদপ্তর, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, র্যাব ও মহানগর দাঙ্গা পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।