কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামের (ওসি রফিক) প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা বাতিল করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আদালতের মূল আদেশ ও কারাগারে পাঠানো আদেশের কপিতে মিল না থাকায় মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার ব্যাপারে তদন্তের এ নির্দেশ দেওয়া হয়।গতকাল কারা কর্তৃপক্ষের প্রতিনিধি কারা উপপরিদর্শক ইমরান হোসেন আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষের একটি দরখাস্ত আদালতে দাখিল করেন। এতে বলা হয়, আদালত ও জেলা প্রশাসকের নির্দেশে ওসি রফিককে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হয়। তবে কারাদপ্তরের রক্ষিত রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে ওসি রফিকের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার কোনো নজির নেই। শুনানি শেষে রফিকের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা বাতিল করে আদালত ওই নির্দেশ দেন।