ওসিকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন আদালত
জেরার সময় আসামিপক্ষের আইনজীবীর প্রতি অশোভন আচরণের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন আদালত। গতকাল বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে। পরে ওসি সালাউদ্দিন নিজের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। এ সময় বিচারক তাঁকে ক্ষমা করে দেন। ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করে দেন আদালত।আদালত সূত্র জানায়, গতকাল মিরপুর থানার একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিতে আসেন সালাউদ্দিন। আদালতে জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন জেরা শুরু করেন। একপর্যায়ে ওসি সালাউদ্দিন আইনজীবীর ওপর ক্ষিপ্ত হন এবং ব্যক্তিগত আক্রমণ করেন। এ কারণে জেরা স্থগিত রেখে আদালত তাঁকে এজলাসের সামনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।এ বিষয়ে ওসি সালাউদ্দিন প্রথম আলোকে জানান, ১৬ বছর আগের একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন তিনি। আসামিপক্ষের আইনজীবীর জেরার সময় মামলার নথি না থাকায় জবাব দিতে সমস্যা হচ্ছিল। তখন আইনজীবী তাঁকে ধমক দেন। সালাউদ্দিন আরও বলেন, ‘আমি তাঁকে বলি, আপনি সাক্ষীকে এভাবে ধমক দিতে পারেন না। আমি বিচারকের দৃষ্টি আর্কষণ করি। এ সময় বিচারক সাক্ষ্য মুলতবি করে পরে তা নেওয়া হবে বলে আমাকে অপেক্ষা করতে বলেন।’