ওয়াটার বাস নামছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নৌপথে যাত্রী পরিবহনে কাল শনিবার থেকে নামছে দুটি ওয়াটার বাস। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কাল সকালে গাবতলী ল্যান্ডিং স্টেশনে ওয়াটার বাস সার্ভিসের উদ্বোধন করবেন। রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যেই ওয়াটার বাস দুটি চালু করা হচ্ছে।‘এমভি বুড়িগঙ্গা’ ও ‘এমভি তুরাগ’ নামের ওয়াটার বাস দুটি আপাতত সদরঘাট থেকে আমিন বাজার এবং আমিন বাজার থেকে সদরঘাট এই রুটে সারা দিন চলবে।ওয়াটার বাসের প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাস দুটির সদরঘাট থেকে আমিন বাজার যেতে আধা ঘণ্টা লাগবে। তবে মাঝপথে সোয়ারিঘাট, খোলামুড়া, বসিলাসহ ১০টি ল্যান্ডিং স্টেশন রয়েছে। এগুলোতে যাত্রী ওঠানামা করলে সময় আরেকটু বেশি লাগতে পারে।জানা যায়, প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি দেড় ঘণ্টা পর এসব ওয়াটার বাস চলাচল করবে। প্রতিটি বাসে ৩৫ জন করে যাত্রী চলাচল করতে পারবে। এ জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।ওয়াটার বাসগুলোর ওপরের দিকটা বাসের আদলে তৈরি। আর নিচের অংশ স্পিডবোটের মতো। বাস দুটির দৈর্ঘ্য ৩৯ ফুট, প্রস্থ ১৫ ফুট ও উচ্চতা ১ দশমিক ৪ মিটার। বাস দুটি তৈরি করতে খরচ হয়েছে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।