ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাম্মদ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যুবদল। আহাম্মদ হোসেন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে এই স্মারকলিপি পৌঁছে দেন। স্মারকলিপিতে দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও হামলা-মামলা-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে যুবদলের নেতা-কর্মীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে মিছিলটি আটকে দেয়। এরপর যুবদলের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। একই স্মারকলিপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও দেওয়া হয়েছে।প্রতিনিধিদলে ছিলেন যুবদলের সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির। এর আগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের সভাপতি বরকতউল্লাহ বলেন, সরকার জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। কর্মসূচি উপলক্ষে গতকাল সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হাজির হন। ঢাকার আশপাশের জেলা থেকেও যুবদলের নেতা-কর্মীরা এতে অংশ নেন।