ওয়ার্ল্ড ভিশনের সমীক্ষা: স্কুল বন্ধ থাকা বাল্যবিববাহ বৃদ্ধির বড় কারণ
স্কুল বন্ধ থাকাকে বাল্যবিবাহ বৃদ্ধির বড় কারণ বলে মনে করেন বেশির ভাগ মানুষ। এ ছাড়া দীর্ঘ বিধিনিষেধ ও সামাজিক নিরাপত্তাহীনতাকেও এ বিয়ে বৃদ্ধির কারণ বলে মনে করেন অনেকে। ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা বৃদ্ধিতে কোভিড-১৯–এর প্রভাব’ শীর্ষক এক জরিপে এ চিত্র উঠে এসেছে। বেসরকারি সংগঠন ওয়ার্ল্ড ভিশন এ জরিপ করে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওয়ার্ল্ড ভিশনের ‘নবযাত্রা প্রকল্প’ এলাকায় এ জরিপ হয়। জরিপে ৪১ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকে বাল্যবিবাহ বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে ৩১ দশমিক ২ শতাংশ বিধিনিষেধ দীর্ঘায়িত হওয়াকে এবং ৩৩ শতাংশ সামাজিক নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন। জরিপে অংশগ্রহণকারী ৮৬ শতাংশ মানুষ বলেছেন, বাল্যবিবাহের কারণে শিশু চরম মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে মা ও শিশু স্বাস্থ্যের ওপর।
নবযাত্রা প্রকল্পটি চলছে ইউএসএআইডির আর্থিক সহায়তায়।
এ জরিপ প্রকাশের অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, বাল্যবিবাহ ও জেন্ডার সহিংসতা রোধে সরকারের সঙ্গে এনজিওগুলো আরও জোরালোভাবে কাজ করতে পারে।
বিশেষ অতিথি ইউএসএআইডির কর্মকর্তা কেইন ডব্লিউ হ্যাসন বাংলাদেশ সরকারকে তাঁর সংস্থার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও লেখক আনিসুল হক এবং গ্রামীণফোনের হেড অব ইয়ুথ অ্যান্ড জেন্ডার ডাইভারসিটি ফারহানা ইসলাম।