ঢাকা ওয়াসা টানা ২৭ দিনের অভিযানে প্রায় দেড় কোটি টাকা বকেয়া বিল ও জরিমানা আদায় করেছে। ৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খেলাপি গ্রাহকদের কাছ থেকে এই টাকা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় এক মাসের আটটি অভিযানে ওয়াসা এক কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৪১৫ টাকা পানির বকেয়া বিল আদায় করেছে। একই সঙ্গে ছয় লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। ওয়াসার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এই অভিযান শুরু হবে পুরান ঢাকার কোতোয়ালি, চকবাজার, বংশাল ও হাজারীবাগে। পুরান ঢাকায় অভিযান চলবে টানা দুই দিন। এরপর ২০ জানুয়ারি ধানমন্ডি, মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় অভিযান শুরু করবেন ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।