ওয়াসার এমডিকে সতর্ক করল পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সতর্ক করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী এক মাসের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই এক মাসের মধ্যে অধিদপ্তর জনস্বার্থে রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত জেনারেটর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে ওয়াসা সমস্যা সমাধানে ব্যর্থ হলে শব্দদূষণ সৃষ্টিকারী জেনারেটরটি জব্দ করে জরিমানা আদায় ও মামলা করা হবে।ঢাকা ওয়াসা তাদের লালমাটিয়া অফিস চত্বরে (মড্স জোন-৩) সম্প্রতি এক মেগাওয়াট ক্ষমতার একটি জেনারেটর চালু করায় ওই এলাকায় মারাত্মক শব্দদূষণ হচ্ছে। লালমাটিয়া এ ব্লকের বাসিন্দাদের পক্ষে ১০৮ জন ভুক্তভোগী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওয়াসার কর্মকর্তাদের গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে তলব করে নিয়ে এই নির্দেশ দেন। এলাকবাসীর অভিযোগ তদন্তের জন্য অধিদপ্তরের একটি পরিদর্শকদল লালমাটিয়ায় গিয়ে জেনারেটরটি থেকে সৃষ্ট শব্দমাত্রা পায় যথাক্রমে-৭৫ থেকে ৮০ ডেসিবল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশ আইন অনুযায়ী ওই এলাকায় শব্দের সহনীয় মাত্রা ৫৫ ডেসিবল।কয়েকজন ভুক্তভোগী জানান, ১৭ সেপ্টেম্বর থেকে জেনারেটরটি অবিরাম চালু রয়েছে। এর বিকট শব্দে বৃদ্ধ, রোগী ও শিশুদের মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। অনেকের হূদযন্ত্র, শ্রবণযন্ত্র ও মস্তিষ্কে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত ১১ জন শিশু ও বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁরা বলেন, এ ছাড়া গ্যাসচালিত ওই জেনারেটরের সৃষ্ট তাপে আশপাশের গাছপালাও পুড়ে যাচ্ছে। ওয়াসার পক্ষে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও বাহরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে দ্রুত শব্দদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গীকার করেন।