ওয়াসার গ্রাহকদের জন্য হেল্পলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার গ্রাহকেরা মুঠোফোনে ১৬১৬২ নম্বরে ফোন করে গ্রাহকসেবা পেতে পারেন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রাহক সেজে হেল্পলাইনে ফোন দিয়ে তথ্য জানার মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান বলেন, এটা ভালো উদ্যোগ। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অনুষ্ঠানে বক্তব্য দেন। ওয়াসার এই সেবা কার্যক্রম পরিচালনা করছে সিনেসিস আইটি নামে একটি প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সেবার নানা দিক তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। উপস্থাপনায় দেখানো হয়, গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির গ্রাহকেরা রাজধানীর যেকোনো স্থান থেকে ১৬১৬২ নম্বরে কল করে ওয়াসার পানি, পয়োনিষ্কাশন-সংক্রান্ত যেকোনো তথ্য এবং সেবা সম্পর্কে জানতে পারবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হেল্পলাইন চালু থাকবে। গ্রাহকদের সমস্যা জেনে দায়িত্বরত কর্মীরা ওয়াসার সংশ্লিষ্ট দপ্তরে মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে তা পাঠিয়ে দেবে। সমস্যার সমাধান না হলে স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ চলে যাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওয়াসার প্রধান প্রকৌশলী এস ডি এম কামরুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, হেল্পলাইনে ফোন করলে গ্রাহকের সমস্যা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে। আর যেসব সমস্যা সমাধানে সময় লাগবে এবং সেগুলো কত দিনে করা যাবে, তা জানিয়ে দেওয়া হবে।