ওয়াসার পানি ও নর্দমা নিয়ে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে সরবরাহ করা ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী। দুর্গন্ধযুক্ত এ পানিতে ময়লা, কেঁচোসহ নানা ধরনের পোকা পাওয়া যায়। অনেক এলাকায় পয়োনিষ্কাশন লাইনের সঙ্গে ওয়াসার পানির লাইন এক হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব অভিযোগ আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির নেতাদের।গতকাল শনিবার সকালে ঢাকা পানি সরবরাহ কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দল দুটির পল্টন, মতিঝিল, শাহজাহানপুর, রমনা ও শাহবাগ থানার এবং ওয়ার্ড কমিটির নেতাদের মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন নেতারা। বৈঠকে স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মেনন বলেন, ‘নির্বাচনের পর থেকে এ এলাকার পানি, ড্রেনেজ ও স্যুয়ারেজ সমস্যার সমাধানে চেষ্টা করে আসছি, কিন্তু ওয়াসা ধীরগতিতে চলায় সমস্যার সমাধান হচ্ছে না।’ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, এক শ্রেণীর লোক রাতের অন্ধকারে পানির পাইপলাইন কেটে ও ফুটো করে পানি নিচ্ছে। চোরাই পথে সংযোগ নেওয়ায় পানিতে ময়লা ঢুকছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল মোহাম্মদপুর কৃষি মার্কেটের অভ্যন্তরীণ রাস্তা ও নর্দমার উন্নয়নকাজের উদ্বোধন করেন। এতে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।