ওয়াসার পানি জারে ভরার সময় দুই কর্মচারী গ্রেপ্তার
ওয়াসার পানি জারে ভরার সময় সুপেয় পানি তৈরির কারখানা থেকে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বংশাল থানার পুলিশ। বংশাল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল্লাহ প্রথম আলোকে বলেন, গত সোমবার গভীর রাতে ১৮১ নম্বর সিদ্দিকবাজারের একটি বাড়ির নিচতলায় ওয়াটার কিং নামের একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কর্মচারী রুমান ও মিজান ওয়াসার পানি সরাসরি জারে ভরছিলেন। তখন তাঁদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। ওই কারখানার মালিকের নাম ইমরান হোসেন। কারখানা থেকে ২১৫ লিটার জারভর্তি পানি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মালিকসহ তিনজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গত বছরের ৮ এপ্রিল একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিকের স্ত্রী সুফিয়া বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। প্রতিষ্ঠানটি প্রতি জার পানি মাত্র পাঁচ টাকা এবং প্রতি গ্যালন পানি মাত্র এক থেকে দুই টাকায় বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তখন এই ধরনের কাজ আর করা হবে না বলে আদালতের কাছে অঙ্গীকার করেছিল।