ওয়াসার পানি সরাসরি বাণিজ্যিক পাত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার পানি সরাসরি বাণিজ্যিক পাত্র বা জারে ভরে বাজারজাত করার অপরাধে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ দিকে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকার চকবাজার থানাধীন এলাকার চারটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন।সিদ্দিকবাজারের প্রতিষ্ঠান দুটির মালিক জুয়েল ও ইমরান নামে দুই ব্যক্তি প্রতি জার পানি মাত্র পাঁচ টাকা এবং প্রতি গ্যালন পানি এক থেকে দুই টাকায় বিক্রি করে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ১৮১ নম্বর সিদ্দিকবাজারের টিনশেড ঘরে ইমরান হোসেনের ওয়াটার কিং নামে সুপেয় পানি তৈরির কারখানায় প্রবেশ করেন। তাঁরা সেখানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ওয়াসার পানি সরাসরি গ্যালনে ভরার দৃশ্য দেখতে পান। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তাঁর স্ত্রী সুফিয়া বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আদালত একই এলাকার ১৭২/১ নম্বর বাড়ির দোতলায় জুয়েলের মালিকানাধীন রিয়েল ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নামের কারখানায় অভিযান চালান। ওই কারখানার দায়িত্ব পাওয়া ব্যবস্থাপক মোহাম্মদ রুবেল জানান, তাঁদের বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি জার পানি তিনি পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, ওয়াটার কিং ও রিয়েল ফ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে কারখানা দুটি সিলগালা করে মহাপরিচালক বিএসটিআইয়ের হেফাজতে দেওয়া হয়। গতকাল অভিযানে অংশ নেয় বিএসটিআই, র‌্যাব-১০ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। এদিকে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল পুরান ঢাকার চকবাজারের চারটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ১৭/২ রহমতগঞ্জ লেনের সিয়াম প্লাস্টিক কারখানায় তালা ভেঙে ভেতরে ঢুকে ৩২ বস্তা পলিথিন উদ্ধার করেন আদালতের সদস্যরা।