ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা
‘রমজান মাসে পানির কোনো সমস্যা থাকবে না—ওয়াসা আপনাদের বলেছিল। আপনারা পত্রিকায় ফলাও করে তা ছেপে দিলেন। এখন? আমরা ময়লা আর দুর্গন্ধভরা পানি পাচ্ছি? আপনি আসেন, দ্যাখেন, ওয়াসার সরবরাহ করা এই পানি পান করা দূরে থাক, ব্যবহার পর্যন্ত করা যায় না। তাদের অফিসে ধরনা দিয়েও কোনো ফল হচ্ছে না।’যাত্রাবাড়ী এলাকার বয়োজ্যেষ্ঠ আবদুল লতিফ এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন গত শনিবার প্রথম আলোর প্রতিবেদকের কাছে। আবদুল লতিফের মতো এলাকার অন্য কয়েকজন বাসিন্দাও ক্ষুব্ধ। তাঁরা বলেন, পানির যে দুর্গন্ধ তা দু-একটি বাড়িতে সীমাবদ্ধ নয়। এলাকার অনেক বাড়িতেই এ সমস্যা। যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনের বাড়িগুলোতে সমস্যা সবচেয়ে বেশি। মো. জিয়াউল জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানির সমস্যা। বিষাক্ত পানির কারণে তাঁর শিশুসন্তান ডায়রিয়ায় ভুগছে। এলাকায় আরও অনেকের পানিবাহিত রোগ দেখা দিয়েছে।প্রসঙ্গত, ৯ জুলাই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানিয়েছিল, রমজান মাসে ঢাকা ওয়াসা নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে। পবিত্র রমজান সামনে রেখে ইফতার ও সেহিরর সময় জনসমাগম স্থানে ট্রলি ও ভ্যানগাড়িতে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য ওয়াসার আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।কথাগুলো উদ্ধৃত করে যাত্রাবাড়ীর ভুক্তভোগী আবদুল লতিফ বলেন, পানির গাড়ি চেয়েও পাওয়া যায়নি। এলাকায় ট্রলিও দেখা যায়নি। ওয়াসার কোনো পরিদর্শকও আসেননি।এ বিষয়ে ২২ জুলাই প্রথম আলোর প্রতিবেদক ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ. খানকে প্রশ্ন করলে তিনি বলেন, যাত্রাবাড়ীর কোন্ এলাকায় পানির সমস্যা, তা বাড়ির নম্বর উল্লেখ করে জানাতে হবে। তিনি ব্যবস্থা নেবেন। সে অনুযায়ী জানানোও হয়। প্রায় এক সপ্তাহ পর গত শনিবার এলাকার বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় পানির সমস্যা আরও বেড়েছে। বিষয়টি ব্যবস্থাপনা পরিচালককে জানালে তিনি বলেন, ‘ওয়াসার নিজস্ব সমস্যার জন্য সম্ভবত এ অবস্থার সৃষ্টি হয়নি। কোনো লাইনে সমস্যা হতে পারে। তিনি বিষয়টি দেখবেন।’ শনিবারই বড় মগবাজার ডাক্তারের গলি থেকে জানানো হয়, এলাকায় পানিতে ময়লা আর দুর্গন্ধ। এতে সেহির ও ইফতারে বিশেষ সমস্যা হচ্ছে। বিষয়টি ওয়াসা কার্যালয়ে জানানো হলেও আমলে নেওয়া হচ্ছে না।নগরের আরও অনেক এলাকায় একই সমস্যা। মণিপুরী পাড়া এলাকায় বসবাস করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত উৎপল চক্রবর্তী। তিনি বলেন, পানির সমস্যার কারণে মাসের মাঝামাঝি সময়ে বাড়তি ভাড়ায় পশ্চিম রাজাবাজারে তাঁকে বাসা বদল করতে হয়েছে।ওয়ারীর বলদা গার্ডেনের পাশে প্রায় প্রতি বাড়ির পানিতে দুর্গন্ধ। ১ নম্বর হাটখোলাসহ আশপাশের বিভিন্ন বাড়ির বাসিন্দারা অনেকদিন ধরে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। কারণ, ট্যাপ খুললেই পানির লাইন থেকে পোকা বের হয়। এলাকার বাসিন্দারা প্রতিদিন টাকার বিনিময়ে জারভর্তি পানি সংগ্রহ করেন। অপর একটি বাড়ির মালিক জানান, পানির এই অবস্থার জন্য ভাড়াটেরা চলে যাচ্ছেন। গুলশান ৩০ ও ৩১ নম্বর সড়ক এলাকা থেকেও পানির সমস্যার কথা জানিয়েছে বাসিন্দারা। মিরহাজিরবাগ, বাসাবো, কদমতলা, মুগদা, অভয়দাস লেন, তাঁতীবাজার, রাজার দেউরিসহ পুরান ঢাকার অনেক এলাকা, মোহাম্মদপুরের শেখেরটেক, শ্যামলী, বৃহত্তর মিরপুরের কিছু এলাকার মানুষও পানির সমস্যায় ভুগছে। ৯ জুলাইয়ের সংবাদ সম্মেলনে ওয়াসা আরও বলেছিল, যেসব গভীর নলকূপ জেনারেটরের সাহায্যে চলছে পবিত্র রমজান সামনে রেখে সেগুলো বিদ্যুৎ দিয়ে চালু রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১৫টি অভিযোগকেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। মড্স জোনের পানির পাম্প মনিটরিং করার জন্য বিদ্যমান ১১টি ভিজিলেন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবদিক বজায় রাখার জন্য ওয়াসা জরুরি পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগারে প্রাক-শোধনযন্ত্র বসানো হয়েছে। পানিতে দুর্গন্ধ না থাকাই স্বাভাবিক।