ওয়াসার প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপককে কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা ওয়াসার কয়েকজন কর্মকর্তা বলেন, অতিরিক্ত কাজের (ওভারটাইম) বিল নিয়ে বেশ কিছুদিন ধরে সিবিএর নেতা-কর্মীরা আন্দোলন করে আসছেন। এ নিয়ে কয়েক দিন আগে একজন হিসাব কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। কিন্তু ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েনি। পরে পরীক্ষা করে দেখা যায়, ক্যামেরার ওপর স্কচটেপ লাগানো ছিল। সে কারণে ছবি ওঠেনি। এ ঘটনায় গত রোববার হিসাব বিভাগে কর্মরত নিম্নমান সহকারী কাম ক্যাশিয়ার হিটলার সরদার ও সহকারী হিসাবরক্ষক মো. রেজওয়ান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। এই বরখাস্তের জন্য সিবিএ প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়কে দায়ী করে আসছে। এর জের ধরে উত্তম কুমার রায়কে লাঞ্ছিত করা হয়।

গতকাল বেলা প্রায় ১টার দিকে উত্তম কুমার রায় মুঠোফানে প্রথম আলোকে বলেন, সোয়া ১১টার দিকে কয়েকজন কর্মচারী হইচই করে এসে তাঁকে তাঁর কক্ষে মারধর করেন। এরপর তিনি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কক্ষে গেলে কিছুক্ষণের মধ্যে সিবিএর অনেক কর্মী এসে দরজায় লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা কক্ষে ঢুকে এমডির টেবিল ভাঙচুর করেন। এমডি তাঁদের চলে যেতে বললে আক্রমণকারীরা তাঁকে (উত্তম কুমার) টেনে-হিঁচড়ে বাইরে এনে বারান্দার মেঝেতে ফেলে মারপিট করেন। তাঁর জামাও খুলে নেওয়া হয়। পরে তিনি বোর্ড সচিবের কক্ষে আশ্রয় নেন।

উত্তম কুমার রায় বলেন, ‘ওভারটাইম দেওয়ার মালিক আমি না। অসদুপায় অবলম্বনের দায়ে যে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেই চিঠিতেও আমার কোনো স্বাক্ষর নেই।’

ওয়াসার কর্মকর্তার জানান, গতকাল বেলা সোয়া ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে ওয়াসা ভবনে কর্মচারীদের স্লোগান-মিছিল চলে। সে সময় বেশির ভাগ কর্মকর্তা নিজ কক্ষ থেকে বাইরে বের হওয়ার সাহস পাননি।

ঢাকা ওয়াসা সিবিএর কেন্দ্রীয় সভাপতি মো. হাফিজউদ্দিন বলেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে মারপিট বা লাঞ্ছিত করা হয়নি। কর্মচারীরা তাণ্ডব চালাননি। সামান্য ঝগড়া হয়েছে। তিনি বলেন, ‘এমডির কক্ষে বাণিজ্যিক কর্মকর্তার কী কাজ? সেখানে কেন তিনি যাবেন?’

দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করাও উচিত হয়নি বলে মন্তব্য করেন মো. হাফিজউদ্দিন।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ওয়াসায় গন্ডগোলের খবর পেয়ে ফোর্স গিয়েছিল। পুলিশ গেলে সিবিএর কর্মীরা সরে যান। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, যাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।