ওয়াসার বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা ওয়াসার ভ্রাম্যমাণ আদালত বকেয়া বিল আদায়ের জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন। আদালত গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা বকেয়া বিল আদায় করেছেন।ওয়াসা সূত্রে জানা গেছে, গত ২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিলের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে ৯১ লাখ ৪৬ হাজার টাকা আদায় হয়েছে।ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াছিউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে নয় লাখ টাকারও বেশি বকেয়া টাকা আদায় করা হয়। এ ছাড়া মোহাম্মদপুরের শের শাহ রোডের একটি বাড়িতে অস্বাভাবিক বিল দেখা গেছে। বাড়িটিতে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো বিল হতে পারে। অথচ ওই বাড়িতে প্রতি মাসে ৫০ থেকে ৫২ হাজার টাকা বিল এসেছে। ওয়াসা কর্তৃপক্ষের ভুলের কারণে এটি হয়েছে। ওয়াসার এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।