ওয়াসার সংস্কার, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষা এলেই কেন রাস্তা খোঁড়াখুঁড়ি? মানুষকে কেন এত কষ্ট দেওয়া?’ কোলে বাচ্চা নিয়ে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন রাজধানীর মধ্য পাইকপাড়া এলাকার গৃহিণী রোকসানা রহমান। পূর্ব ও মধ্য পাইকপাড়ায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসাতে প্রায় এক মাস ধরে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে। আর এই সংস্কারকাজ এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।জানা গেছে, গত মার্চে আন্তসংস্থার সভায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিসিসির পক্ষ থেকে সভার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে তিতাস, টেলিযোগাযোগ কোম্পানি লি. (ডিটিসিএল), ওয়াসা, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), রেলওয়েসহ বিভিন্ন সংস্থাকে জানানো হয়। এতে ৩১ মের মধ্যে খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়। কিন্তু নগরের অনেক স্থানে জুনেও খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ হয়নি।ওয়াসার পানিনিষ্কাশন বিভাগ সূত্র জানায়, মে মাসের মাঝামাঝি পাইকপাড়ায় বৃষ্টির পানিনিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ শুরু হয়। ইতিমধ্যে মাত্র ৪০ শতাংশ শেষ হয়েছে। এভাবে কাজ চলতে থাকলে চলতি বর্ষায় এ কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।গত শনিবার দুপুরে পাইকপাড়ায় গিয়ে দেখা যায়, সরু রাস্তার দুই পাশে হাঁটার সামান্য জায়গায় রীতিমতো সারবেঁধে পথ পাড়ি দিচ্ছে এলাকাবাসী। ছাত্রছাত্রীরা চলছে ঝুঁকি নিয়ে। এলাকার বাসিন্দা বজলুর রহমান বলেন, কল্যাণপুর থেকে পাইকপাড়ায় যাওয়ার এই একটি মাত্র রাস্তা। এ পথে এখন কোনো যানবাহন চলাচল করে না। দুই দিনের বৃষ্টিতে পুরো এলাকার খোঁড়া রাস্তা পানিতে ডুবে গেছে। ভালো করে লক্ষ না করলে বোঝার উপায় নেই যে নিচে বড় বড় গর্ত।যোগাযোগ করা হলে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বর্ষা মৌসুম হওয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি না করতে বিভিন্ন সেবা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ‘অতি জরুরি’ বলে কেউ কেউ খোঁড়াখুঁড়ির কাজ চালিয়ে যাচ্ছে। তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, তিনি ৩১ মের মধ্যে ওয়াসার খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মধ্য পাইকপাড়ার খোঁড়াখুঁড়ির কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলে তাঁকে জানানো হয়। কাজে ধীরগতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।পাইকপাড়ার মতো নগরের আরও অনেক স্থানে খোঁড়াখুঁড়ি চলছে। গোপীবাগ জর্জ গলি থেকে রামকৃষ্ণ মিশন মূল সড়কে গত তিন মাস ওয়াসার মোটা পাইপ বসাতে খোঁড়াখুঁড়ি হয়েছে। এলাকাবাসী জানান, উঁচু-নিচু পথে চলতে গিয়ে রিকশা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। আর বৃষ্টি হলে কাদার কারণে চলাচলে চরম সমস্যা হয়।সোনালী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় চন্দ জানান, ঘুটঘুটে অন্ধকারে পথঘাট পথচারী আর যানবাহনের আরোহীদের জন্য মরণ ফাঁদ হয়ে থাকে। গোপীবাগ তৃতীয় গলির আরেক বাসিন্দা আবদুর রউফ জানান, গত বছরও এখানে পাইপ বসানো হয়েছিল। জলাবদ্ধতা কমানোর জন্য এবার আরও মোটা পাইপ বসানো হয়েছে। নগরের শ্যামলী, বাসাবো-কদমতলা, শান্তিনগর, চামেলিবাগ, মতিঝিল কলোনি, এজিবি কলোনি, হাটখোলা, নিউ এলিফ্যান্ট রোড, টঙ্গী ডাইভারশন রোডসহ বিভিন্ন এলাকায় খোঁড়াখুঁড়ির কাজ হয়েছে। এখনো কয়েকটি জায়গার কাজ শেষ হয়নি।শান্তিনগর মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত পুরো এলাকায় ‘সৌন্দর্য বর্ধিতকরণ’ কাজের জন্য ফুটপাত ও রাস্তা কাটা হয়েছিল সিটি করপোরেশনের উদ্যোগে। মাঝখানে ‘ডিভাইডার’ সংস্কার করা হলেও ফুটপাত এবং রাস্তার কিছু অংশে ব্লক ও পাথর এলোপাতাড়ি পড়ে আছে। এখানে রিকশা ও মোটরসাইকেল উল্টে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে।