ওয়াসার ৩ পাম্প অপারেটর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার কারণে ঢাকা ওয়াসার তিন পাম্প অপারেটরকে (পিও) গত রোববার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই তিন কর্মকর্তা হলেন, ওয়াসার অঞ্চল-৯-এর অধীনে উত্তরা ৪ নম্বর সেক্টরের আগা খান স্কুলের পানির পাম্পের পিও মো. হযরত আলী, মো. আনোয়ার আলী ও উত্তরা ৯/বি পানির পাম্পের শিক্ষানবিশ পাম্প অপারেটর মো. আকবর হোসেন। ওয়াসার জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ৩০ মার্চ রাত ১১টার দিকে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এস ডি এম কামরুল আলম চৌধুরী উত্তরা ৯/বি পানির পাম্প এবং পরে আগা খান স্কুলসংলগ্ন পানির পাম্প পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ওই তিন অপারেটরকে কর্তব্যরত অবস্থায় দেখতে পাননি। একপর্যায়ে প্রধান প্রকৌশলী জানতে পারেন, অপারেটরা কর্মস্থলে ছিলেন না। যা কার্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী এবং ওয়াসার আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ঘটনায় ওয়াসার চাকরি প্রবিধানমালা, ২০১০-এর ৩৯(১) (খ) প্রবিধি অনুযায়ী গুরুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা করা হয়।