ওয়াসার ৪৯৩টি জেনারেটর তেল যায়, পানি আসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলমান পানি সমস্যার প্রায় শতভাগ কারণ হিসেবে ঢাকা ওয়াসা লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাটকে দায়ী করছে। কিন্তু প্রচুর টাকার তেল খরচ দেখানো হলেও পানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্থাপিত প্রায় ৫০০ জেনারেটর প্রয়োজনমতো ব্যবহার করা হচ্ছে না। ওয়াসার দায়িত্বশীল সূত্রমতে, ৪৯৩টি জেনারেটরের জন্য মাসে প্রায় এক কোটি টাকার তেল খরচ দেখানো হয়। তবে বাস্তবে বেশির ভাগ সময় এগুলো চালানো হয় না বলে অভিযোগ রয়েছে। ওই সূত্র জানায়, জেনারেটর চালু ও বন্ধ করার সময়কাল রেকর্ড করার জন্য ডিজিটাল লগিং বা ইলেকট্রনিক ডেটা (উপাত্ত) সংগ্রহব্যবস্থা রয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে পদ্ধতিটি চালু রাখা হয় না। একটি হিসাব দেখিয়ে সূত্র জানায়, গত জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে গড়ে তেল খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা করে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে কয়েক দিন আগে বলেন, পানি সরবরাহে জেনারেটর বড় কোনো ভূমিকা রাখে না। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সামান্য সাহায্য করে মাত্র। তাহলে প্রতি মাসে জেনারেটরে এত তেল খরচ করা হচ্ছে কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেটের তুলনায় এটা কিছুই না। জেনারেটর ও তেলের ব্যবহার: ওয়াসার ৬০৭টি পাম্পহাউসের মধ্যে ৪৩৩টিতেই জেনারেটর রয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ জেনারেটর রয়েছে ৬০টি। দায়িত্বশীল সূত্রমতে, একটি জেনারেটর বড়জোর দুই ঘণ্টা ব্যবহার করলেও দেখানো হয় প্রায় আট ঘণ্টা। তেল খরচের দুই-তৃতীয়াংশই ভুয়া প্রমাণপত্রের মাধ্যমে দেখানো হয়।এ বিষয়ে এমডি তাকসিম এ খান বলেন, ‘গত বছর পর্যন্ত আমরা জেনারেটর ব্যবহার ও তেলচুরি হচ্ছে কি না সে বিষয়ে হিসাব নিয়েছি। এ বছরও নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে আগের মতো চুরি করার উপায় নেই। কারণ ইলেকট্রনিক ডেটা রয়েছে।’ নিয়মিত এ উপাত্ত সংগ্রহ না করার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান এমডি। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানায়, রাজধানীর একটি এলাকায় দৈনিক গড়ে তিন ঘণ্টা লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট হয়। ওয়াসার পাম্পে যতক্ষণ জেনারেটর চালানো হয় হিসাব দেখানো হয় তার চেয়ে অনেক বেশি। এ বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, প্রতিটি জেনারেটরের জন্য স্লিপে ডিজেলের পরিমাণ ইস্যু করা হয়। কিন্তু বিদ্যুতের সমস্যার সময় সব ক্ষেত্রে জেনারেটর চালানো হয় না, যার পরিপ্রেক্ষিতে পানির সংকট দেখা দেয়। সংশ্লিষ্ট পাম্পচালকের মাধ্যমে স্লিপগুলো কম দামে বিক্রি করে দেওয়া হয়। শব্দ পান না এলাকার মানুষ: কমলাপুরের জসীমউদ্দীন রোড এলাকার বাসিন্দা আবদুর রকিব জানান, ওয়াসার লাইনের পানিতে গন্ধ থাকায় তিনি বাংলাদেশ ব্যাংকসংলগ্ন পাম্প থেকে পানি সংগ্রহ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে পানি আনতে গিয়ে তিনি নিরাশ হয়েছেন। কারণ, তখন চলছিল লোডশেডিং। জেনারেটর থাকলেও তা চালানো হয়নি। পূর্ব রাজাবাজার প্রাথমিক বিদ্যালয় পাম্পস্টেশনের আশপাশের বাসিন্দারাও লোডশেডিংয়ের সময় জেনারেটরের শব্দ তেমন একটা পান না বলে জানান। আবদুল মোতালেব নামের এক গ্রাহক বলেন, সেখানে লোডশেডিংয়ের সময় পাম্প অপারেটর থাকেন না। আর যখন তিনি থাকেন, পানি বিক্রি নিয়েই ব্যস্ত থাকেন। জেনারেটর না চালানোর অভিযোগ এসেছে তেজকুনিপাড়া, বাসাবো, গোড়ান, শেখেরটেক, ধানমন্ডিসহ আরও কয়েকটি এলাকার পাম্পস্টেশনসংলগ্ন বাসিন্দাদের কাছ থেকেও। ভ্রাম্যমাণ জেনারেটরের সমস্যা: ৬০টি ভ্রাম্যমাণ জেনারেটর ব্যবহূত হওয়ার কথা বেশি লোডশেডিং হয় এমন এলাকার পাম্পে। কিন্তু এগুলো মূলত অভিজাত এলাকাতেই ঘুরে বেড়ায় কিংবা অনেকটা স্থায়ী অবস্থান নেয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক বা অন্যভাবে প্রভাবশালী অনেকে নিয়মিত ভ্রাম্যমাণ জেনারেটর চেয়ে পাঠান।