ওয়েবসাইটে কর্মকর্তা-কর্মচারী নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে জনবল নিয়োগ করতে চাইছে। চাকরিচ্যুত ব্যক্তিরা চেষ্টা করছেন আইনের আশ্রয় নিয়ে এই প্রক্রিয়া বন্ধ করতে। সব মিলিয়ে জনবল নিয়োগ ও চাকরিচ্যুত করার বৃত্ত থেকে বের হতে পারছে না বিশ্ববিদ্যালয়টি।গতকাল মঙ্গলবার ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞপ্তিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়।সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, ‘১১ আগস্ট দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ডাক মারফত ছাড়াও সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’ এর বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত তোফায়েল ইসলামসহ তিন ব্যক্তি গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও আমিমুল এহসান জুবায়ের। পরে আমিমুল এহসান জুবায়ের প্রথম আলোকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ৪ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট এক মাসের জন্য স্থগিত করেছেন। ওই বিজ্ঞপ্তির আলোকে এর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে। বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের ফলে এই সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া স্থগিত থাকবে। জানা যায়, গত ১২ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নয়টি ক্যাটাগরির ৭৫টি পদে দরখাস্ত আহ্বান করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৪ আগস্ট হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে নয়টি ক্যাটাগরিতে ৭৫টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করেন। চেম্বার বিচারপতি এতে স্থগিতাদেশ দেন। পরে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রিটকারী পক্ষ আবেদন করে। এই পরিপ্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি বিষয়টি ৪ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করছেন, একের পর এক কৌশলে আদালতের রায় অবমাননা করে নিয়োগপ্রক্রিয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ২২ সেপ্টেম্বর চাকরিচ্যুত ব্যক্তিরা আদালতের রায় অবমাননা করে নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।