
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমির প্রতিষ্ঠার দিন সেখানে উপস্থিত থাকতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পড়ালেখা শেষে তিনি তখন চাকরির খোঁজে ব্যস্ত। এ নিয়ে গেল ৬০ বছর খুব আফসোস ছিল তাঁর। গতকাল সে আফসোস কাটল প্রতিষ্ঠানটির ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। তাঁর ভাষায়, ‘আজকে দিনটি আমার নিকট মহা আনন্দের!’
বাংলা একাডেমির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিতে এসে এভাবেই নিজের অভিমত জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলা একাডেমি গতকাল ৩ ডিসেম্বর প্রতিষ্ঠার ষাট বছর পূর্ণ করেছে। গৌরব ও ঐতিহ্যের ছয় দশক পূর্তিতে বাংলা একাডেমির দুই দিনের হীরকজয়ন্তী উৎসবের গতকাল ছিল প্রথম দিন।
দুপুরের এক পশলা বৃষ্টি হয়ে গেলে হেমন্তের বিকেলটা হয়ে ওঠে আরও উপভোগ্য। বর্ধমান হাউসের সামনে রবীন্দ্রচত্বর উসকে দিয়েছিল বিদগ্ধজনদের স্মৃতিকে। এ পর্বের পোশাকি নাম ‘সংবর্ধনা’। কিন্তু প্রথাগত সংবর্ধনার আনুষ্ঠানিকতা ছিল না সেখানে। বরং আয়োজনটিকে নিখাদ স্মৃতিজাগানিয়া আড্ডা বললে অত্যুক্তি হবে না। সে আড্ডায় উঠে এসেছে একাডেমির শুরুর দিনটির কথা, প্রাসঙ্গিকভাবে বারবার এসেছে ভাষা আন্দোলনের কথাও। রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৪৮ থেকে এবং তার চূড়ান্ত পর্যায় ছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র মিছিলে গুলিবর্ষণের ঘটনা। এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমির প্রতিষ্ঠা। আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।

কে ছিলেন না বর্ধমান হাউসের সামনের ওই সবুজ চত্বরে! সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, সৈয়দ শামসুল হক, সৈয়দ হাসান ইমাম, গোলাম মুরশিদ, বিচারপতি কাজী এবাদুল হক, ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, ড. মনিরুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম, ভাষাবিজ্ঞানী জামিল চৌধুরী, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশ্চিমবঙ্গের চিত্রসমালোচক প্রণব রঞ্জন রায়, ফরহাদ খান, আনোয়ারা সৈয়দ হক, মাহবুব তালুকদার, সংসদ সদস্য কবি কাজী রোজী, রামেন্দু মজুমদার, অধ্যাপক মনসুর মুসা, নূহ উল আলম লেনিন, ফকির আলমগীরসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত সমারোহে প্রাণস্পন্দিত সে চত্বর।
আড্ডার মাঝেই কথা হয় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে। কবিতার মতো করেই বললেন, ‘অবিশ্বাস্য! বাংলা একাডেমির ৬০ বছর হয়ে গেল।’ তিনি বলেন, ‘হীরকের দ্যুতির মতো করেই ঔজ্জ্বল্য ছড়িয়েছে এ প্রতিষ্ঠান। বাংলা সাহিত্যকে বিশ্বজনীন করে তোলার কাজটিই এখন এ প্রতিষ্ঠানকে করতে হবে।’
শিঙাড়া খেতে খেতে কথা হলো আসাদুজ্জামান নূরের সঙ্গে। বললেন, ‘বাংলা একাডেমি এখন শুধু কোনো প্রতিষ্ঠান নয়, পরিণত হয়েছে ইতিহাসে। এ ইতিহাস ধারণ করে আমাদের ভাষাকে, সংস্কৃতিকে। বৈরী পরিবেশে বিপ্লবীর ভূমিকায় প্রতিষ্ঠিত হয়েছিল এটি।’
পরে মিলনায়তনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে গিয়ে বাংলা একাডেমিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন তিনি।
এরপর একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শিল্পী লিলি ইসলামের কণ্ঠে ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’ শীর্ষক রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় হীরকজয়ন্তী উৎসবের মূল পর্ব। সন্ধ্যায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান নিজেকে সৌভাগ্যবান বলে মন্তব্য করেন। কারণ, বাংলা একাডেমি প্রতিষ্ঠার দিন তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ওই দিনটি আমার চোখের সামনে এখনো জ্বলজ্বল করছে।’ বাংলা একাডেমির প্রথম গবেষণা বৃত্তি পেয়েছিলেন তিনি—এ তথ্যটিও জানালেন আনিসুজ্জামান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি নাট্যজন শাঁওলী মিত্রও যৌথভাবে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা বিষয়ে মতামত দেন। এর আগে শাঁওলী মিত্রের সঙ্গে কথা হলো বাংলার বাঙালি মনীষীদের প্রতিকৃতির প্রদর্শনীতে। তিনি বললেন, ‘এর আগে অভিনেত্রী হিসেবে কয়েকবার ঢাকায় এসেছিলাম। এবারই প্রথম বাংলা একাডেমিতে আসা। পুরো আয়োজনে মুগ্ধ হলাম। বাংলা ভাষার জন্য যাঁরা আত্মদান করেছেন, তাঁদের স্মরণে এমন প্রতিষ্ঠান সত্যিই অসাধারণ!’
হীরকজয়ন্তী স্মারক বক্তৃতানুষ্ঠানে স্বাগত ভাষণে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘বাংলা একাডেমি ষাট বছরে ঐতিহ্যের অনন্য বিস্তার ঘটিয়ে চলেছে।’
হীরকজয়ন্তী স্মারক বক্তৃতায় ভারতের চেন্নাইয়ের বিশিষ্ট লেখক ও গবেষক ভি বি গণেশন বলেন, ‘তামিলনাড়ুর স্বামীনাথ আয়ার আর বাংলার আবদুল করিম সাহিত্যবিশারদের ঐতিহ্য-অনুসন্ধিৎসা আমাদের গভীর আগ্রহের বিষয়।’ অপর বিশেষ অতিথি বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতার সভাপতি বারিদবরণ ঘোষ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ নিয়ে গবেষণায় বাংলাদেশের বাংলা একাডেমির সঙ্গে কাজ করার আগ্রহ জানান।
অনুষ্ঠানে নজরুল-পৌত্রী অনিন্দিতা কাজী নজরুলকে নিয়ে লেখা বঙ্গবন্ধুর একটি রচনার সংক্ষিপ্ত ভাষ্য পাঠ করে বাংলাদেশ ও নজরুলের অচ্ছেদ্য সম্পর্কের কথা স্মরণ করেন।