ঔষধ প্রশাসনের মহাপরিচালককে আদালত অবমাননার রুল
নিম্নমানের ওষুধ বাজার থেকে প্রত্যাহারসংক্রান্ত হাইকোর্টের আদেশ বাস্তবায়নের বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেনের হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন।গত সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন। গতকাল এর ওপর শুনানি হয়। পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ওষুধে ভেজাল রোধে গত বছরের নভেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর বাজার থেকে ওষুধ সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অনুসারে বাজার থেকে ৪৮টি ওষুধের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধগুলো পরীক্ষা করে আটটি নিম্নমানের উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর চূড়ান্ত শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট ওই আট ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেন। ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ এ বিষয়ে একটি নোটিশও দেয়। ডাইক্লোফেনাক নামের একটি ওষুধের উৎপাদক ইনোভা ফার্মাসিউটিক্যাল হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করলেও সাড়া মেলেনি। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর নোটিশটি প্রত্যাহার করে নেয়। এতে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে—এ অভিযোগে মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়।