কওমি কমিশন গঠন সরকারি ষড়যন্ত্রের অংশ: আমিনী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী কওমি ধারার আলেম ও ছাত্রদের কওমি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার গঠিত কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেলে লালবাগের কার্যালয়ে ঢাকা মহানগরের বিভিন্ন কওমি মাদ্রাসার কর্মকর্তা ও আলেমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমিনী এ আহ্বান জানান।আমিনী দাবি করেন, এ কমিশন নিঃসন্দেহে কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করার সরকারি ষড়যন্ত্র। তিনি বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান শাহ আহমদ শফি কমিশনের ব্যাপারে যেসব শর্ত দিয়েছেন তার একটিও মানা হয়নি। এগুলোর মধ্যে আছে, আহলে সুন্নাতের আকিদা, বিশ্বাস ও পাঠ্যসূচির বেলায় দেওবন্দের চিন্তাধারার বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ না করা, মাদ্রাসাগুলোকে সরকারি অনুদান ও এমপিওভুক্ত না করা, কমিশনে সরকারি ব্যক্তি না রাখা, মাওলানা আশরাফ আলীকে কো-চেয়ারম্যান ও মাওলানা আবদুল জাব্বারকে সদস্যসচিব করা ইত্যাদি।