ককটেল বিস্ফোরণ মামলায় যুবদলের ৫৭ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জজকোর্ট ভবনের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় মহানগর যুবদলের নেতা রফিকুল ইসলাম, এস এম জাহাঙ্গীরসহ ৫৭ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আলী হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন।এই মামলার আসামি যুবদলের ৬১ জন নেতা-কর্মী ১২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তা শুনানির ধার্য দিন ছিল গতকাল। গতকাল ৫৭ জন আদালতে হাজির হন। বাকি চারজনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত উপস্থিত আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন। অনুপস্থিত আসামি রনজু, রজ্জব আলী, মাসুম ও হাসান মল্লিকের পক্ষে করা সময়ের আবেদন নাকচ করে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।২৯ এপ্রিল হরতাল চলাকালে দুপুর সাড়ে ১২টায় জজকোর্ট ভবনের মূল ফটকের সামনে গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলা করে কোতোয়ালি থানার পুলিশ।