ককটেল বিস্ফোরণে মা মেয়ে ও ব্যবসায়ী আহত
ককটেল বিস্ফোরণে গতকাল মঙ্গলবার রাজধানীর কদমতলীতে মা-মেয়ে এবং গুলিস্তানে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনজন হলেন কদমতলীর ৫৩ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম (৪২), তাঁর মেয়ে রোকেয়া হাসান (১৮) এবং গুলিস্তানের পাথর ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মর্জিনা কদমতলীর জুরাইন এলাকার হাজি খোরশেদ আলী রোডে এক বাড়িতে থাকেন। গতকাল তিনি ও তাঁর মেয়ে বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে ব্যাগটি খুলতেই বিস্ফোরণ ঘটে। এতে তাঁর পায়ে এবং তাঁর মেয়ের কানে ও পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ওই ব্যাগ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। হরতালকারীদের কেউ ব্যাগটি ফেলে যেতে পারে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল প্রায় একই সময়ে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ককটেল বিস্ফোরণে পাথর ব্যবসায়ী সিরাজুল আহত হন।