কচুক্ষেত বাজারে খোলা সয়াবিন বোতলজাত করে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কচুক্ষেত বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে নিজের কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করে আসছিলেন সম্রাট রুহুল আমিন নামের এক ব্যবসায়ী। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক রুহুল আমিন। গতকাল সোমবার রাজধানীর বারিধারার একটি কারখানায় অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে।দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বারিধারার নিউ ডিওএইচএস এলাকার ৪ নম্বর রোডের একটি বাড়িতে অবস্থিত আর কে ব্রাদার্স অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে অভিযান চালান। ওই বাড়ির কক্ষ ভাড়া নিয়ে সেখানে তৈরি হচ্ছিল বাবা সয়াবিন তেল, বস কার্বনেটেড বেভারেজ, প্রীতি তেঁতুল জুসসহ ১৮টি পণ্য। এতগুলো পণ্য তৈরি ও বাজারজাত করলেও তারা মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের লাইসেন্স নেয়নি।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক রুহুল আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে কারখানাটি সিলগালা করে বিএসটিআইয়ের মহাপরিচালকের হেফাজতে দেওয়া হয়। পরে আদালত রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত ঢাকা সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান প্রতি ১০ লিটার অকটেনে ২৯০ মিলিগ্রাম এবং ১০ লিটার ডিজেলে ৩১০ মিলিগ্রাম কম দেওয়ার প্রমাণ পান আদালত। এ অপরাধে আদালত ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে তেলের ইউনিট দুটি বন্ধ করে দেন।একই আদালত পরে রাজধানীর খিলগাঁওয়ের আবে কাউছার ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।