আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে বিদ্যমান আইনেই সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে। তবে প্রয়োজনে এ আইনের সংশোধন কিংবা নতুন আইনও করা হতে পারে। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক, রাষ্ট্রীয় ও আইনগতভাবে গ্রহণীয় পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সাইফ ফাউন্ডেশন, ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাক্সিডেন্ট (ফুয়ারা) এবং অফিসার্স ক্লাব যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।ভুক্তভোগীসহ সেমিনারের বেশির ভাগ বক্তা বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন করার পক্ষে মত দেন। সেমিনারে আইনমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী ত্রুটিপূর্ণ যানবাহন। পরীক্ষা করলে দেখা যাবে, ৬০ শতাংশ গাড়িই ত্রুটিপূর্ণ। যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটলে চালক, মালিক ও গাড়ির লাইসেন্স প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, আইন, যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। তবে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। চালকদের যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা ও অতীত ইতিহাস বিবেচনা, মালিকের খোঁজখবর নিয়ে লাইসেন্স দেওয়া উচিত।তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান বলেন, চালকের কারণেই কেবল সড়ক দুর্ঘটনা ঘটে না, রাজধানীর ২০৯টি স্থান দুর্ঘটনাপ্রবণ। তাই সড়ক নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শাস্তির আওতায় আনতে হবে।সাংসদ তারানা হালিম বলেন, দণ্ডবিধির ৩০৪ (খ) ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনার অপরাধ জামিনযোগ্য। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুই মেয়ে হারানো ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, আইন শিথিল হওয়ায় জড়িত ব্যক্তিরা শাস্তি পায় না। মন্ত্রিপরিষদের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে সেমিনারে সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সামিয়া হালিম, ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান, জার্মান টেকনোলজিক্যাল করপোরেশনের অধ্যক্ষ রিচার্ড মাইলস বক্তৃতা করেন।