রাজধানীর কদমতলা এলাকায় ওয়াসার পাম্পের ভেতর ১০-১২ জনের জটলা। মাটিতে সারি করে রাখা প্লাস্টিকের বোতল-পাত্র। কার আগে কে পানি নেবে তা নিয়ে চলছে প্রতিযোগিতা। কিছুক্ষণ পরপরই হালকা কথাকাটাকাটি। পানি সংগ্রহকারীদের সঙ্গে কথা বলতে গেলে সবাই একই সুরে অভিযোগ তুললেন ওয়াসার বিরুদ্ধে। তাঁরা জানালেন, এক মাস ধরে বাসাবাড়ির কল দিয়ে দুর্গন্ধযুক্ত পানি আসছে। বারংবার ওয়াসার ফকিরাপুল কার্যালয়ে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।পূর্ব বাসাবো এলাকা থেকে পানি নিতে এসেছিলেন চান মিঞা। তিনি বলেন, ‘খাওয়া তো দূরের কথা, ওই পানি দিয়ে গোসল করাও দুষ্কর। তাই ১২ টাকা রিকশা ভাড়া দিয়ে পানি নিতে এসেছি। সারা দিনের পানির জন্য দিনে কমপক্ষে দুইবার আসতে হয়।’পানি বিতরণের কাজ তদারক করছিলেন স্থানীয় ক্লাব কদমতলা সংসদের নুরুল সামাদ। তিনি জানালেন, পূর্ব ও মধ্য বাসাবো, ওয়াহাব কলোনি ও কদমতলাসহ আশপাশের অনেক এলাকা থেকে মানুষ এই পাম্পে পানি নিতে আসছে। ওই এলাকাগুলোতে পানির পাম্প থাকলেও সেখান থেকে পানি দেওয়া হচ্ছে না। তাই এখানে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ভিড় লেগে থাকে। গত এক সপ্তাহে পানি-সংকট বাড়ায় ভিড়ও বেড়েছে। কদমতলা পাম্পটি ঢাকা ওয়াসা জোন-৪-এর আওতাভুক্ত। পাম্পের অপারেটর আবদুস সালাম জানান, কয়েক বছর ধরে প্রায়ই পানিতে দুর্গন্ধ দেখা দেয়। বর্ষাকালে দুর্গন্ধ কিছুটা কমলেও বাকি সময় আবার বাড়তে থাকে।ওয়াসা সূত্রে জানা গেছে, বাসাবো এলাকার কদমতলা, আহমেদাবাদ, কালীগঞ্জ, দক্ষিণ রাজারবাগ এবং বাসাসো ১, ২ ও ৩ নম্বরে একটি করে পানির পাম্প রয়েছে। এই পাম্পগুলো থেকে যেসব বাড়িতে পানি যায় তাতে কিছুদিন পরপরই দুর্গন্ধ দেখা দিচ্ছে। শীতের মাঝামাঝি সময় থেকে দুর্গন্ধ বাড়তে থাকলে কদমতলা ও বাসাবো দুই নম্বর পাম্প থেকে লোকজনকে পাত্রে করে পানি দেওয়া হচ্ছে। কিন্তু এক সপ্তাহ ধরে বাসাবো দুই নম্বর পাম্প থেকে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে করে স্থানীয় লোকজনের পানির উত্স এখন শুধু কদমতলা পাম্প।স্থানীয় লোকজন জানান, বাসাবো এলাকায় ওয়াসার পানি সরবরাহ পাইপ স্থাপনের পর গত ১০ বছরে কোনো মেরামত হয়নি। অনেক পাইপ নষ্ট বা ছিদ্র হয়ে গেছে। তাই ড্রেনের পানি পাইপে ঢুকে পড়ায় পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে। হয়ে পড়ছে খাওয়ার অনুপযোগী। বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, ‘সায়েদাবাদ পানি পরিশোধন কেন্দ্রে পানি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করায় এ সময়ে পানিতে কিছুটা দুর্গন্ধ হয়। তবে পাইপ ছিদ্র হয়ে পানি দূষিত হওয়ার কোনো আশঙ্কা নেই। এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’