কদমতলীতে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীর বালুরমাঠে একটি রি-রোলিং মিলে ইস্পাত গলানোর যন্ত্র বিস্ফোরণে বিল্লাল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বালুরমাঠ এলাকার ১০ নম্বর সড়কের ৬ নম্বরে অবস্থিত হাসান স্টিল মিলে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় ইস্পাত গলানোর যন্ত্রে বিস্ফোরণ ঘটে যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে শ্রমিক বিল্লাল হোসেন দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। দগ্ধ হন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের প্রকৌশলী আতাউর রহমান (৪৮), কারখানার ব্যবস্থাপক মদন ইয়াদো (৫৮), শ্রমিক ফরহাদ হোসেন (৩০), রিপন (৩০), মদন ইয়াদো (৫২), শহীদুল ইসলাম (৩৫), আবদুর রব (৩৯), রাজু (২৭) ও ফরহাদ হোসেন (২৫)। কারখানার শ্রমিকেরা আধঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলেন। পরে অগ্নিদগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।শ্রমিক ফরহাদ হোসেন জানান, ইস্পাত গলানোর যন্ত্র ছিদ্র হয়ে আগুনের স্ফূলিঙ্গ বের হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ যন্ত্রটির বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। নিহত বিল্লাল জুরাইনের আলম মার্কেটের পেছনে থাকতেন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তিদের দেহের ১৬ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত বিল্লাল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।