কদমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলীতে গতকাল সোমবার সকালে হালিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর তাঁর স্বামী নজরুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান প্রথম আলোকে জানান, নজরুল ও হালিমা কদমতলীর আলম মেম্বরের বস্তিতে থাকতেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পারিবারিক কলহের জের ধরে নজরুল ও হালিমার মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নজরুল একটি কাঠ দিয়ে হালিমার মাথায় জোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলে হালিমার মৃত্যু হয়। বস্তিবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে হালিমার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার পর নজরুল পালিয়ে যান। তাঁর ভাই শহীদকে আটক করা হয়েছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই শফিকুর জানান, নজরুল মাদকাসক্ত। তিনি প্রায়ই হালিমাকে মারধর করতেন।