গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে করা পূর্ণাঙ্গ চুক্তি প্রকাশ এবং তা নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা।গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করা হয়। এতে তেল-গ্যাস, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন পাস এবং অন্তত ৫০ বছরের মজুদ নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল-গ্যাস রপ্তানি না করার দাবি জানানো হয়। আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘আমরা জ্বালানি উত্তোলন চাই না—তা নয়, আমরা চাই না জাতীয় সম্পদ নিয়ে বানরের পিঠা ভাগ হোক।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বিল ক্লিনটনের সামনে আপনি যে সাহসিকতার সঙ্গে কথা বলেছিলেন, সে অবস্থানে স্থির থাকুন। আজকেও সেই সাহস দেখান। রাশেদ খান মেনন কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি প্রকাশ করে তা নিয়ে সংসদে আলোচনা করার দাবি জানান। বাংলাদেশে কাজ পেতে ঘুষ দেওয়ার অপরাধে সম্প্রতি কানাডায় দণ্ডিত তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে এ দেশেও তদন্ত করার দাবি জানান তিনি।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি নাকি প্রকাশ করা যাবে না। এ ব্যাপারে হয় সরকার তার অবস্থান পরিষ্কার করবে, নয়তো জনগণ আন্দোলন গড়ে তুলবে। তিনি জ্বালানি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে আলাদা জ্বালানি নীতি প্রণয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা, দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও রপ্তানি নিষিদ্ধ করে আইন পাস করার দাবি জানান।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, সব ক্ষেত্রে এক সরকারকে অন্য সরকারের নীতি পরিবর্তন করতে দেখা যায়। একমাত্র জ্বালানি খাতে এটি দেখা যায় না। তিনি বলেন, কোনো বিশেষ এলাকার এবং বিশেষ শ্রেণীর ভোক্তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি উদ্যোক্তা, সুশীল সমাজ ও সব শ্রেণীর ভোক্তার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।সাংসদ আমেনা আহমেদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, অধ্যাপক শামসুল আলম প্রমুখ আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।