আজিমপুর নতুন পল্টন লাইন এলাকায় শিয়া সম্প্রদায়ের কবরস্থানের একাংশ দখল করে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।এই স্ট্যান্ডের প্রায় ১০০টি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচল করে। অবৈধ স্ট্যান্ড ব্যবহারকারী প্রতিটি অটোরিকশা থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। এভাবে দৈনিক প্রায় ১০ হাজার টাকা চাঁদা ওঠে। স্ট্যান্ড-সংশ্লিষ্টরা দাবি করেন, এই টাকার ভাগ স্থানীয় দুর্বৃত্তরাসহ থানা-পুলিশ পর্যন্ত পেয়ে থাকে।আবাসিক এলাকার ভেতরে হঠাৎ গজিয়ে ওঠা এই অটোরিকশার স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভাসমান মাদক বিক্রয়কেন্দ্রও। সন্ধ্যার পর সেখানে জমে ওঠে বখাটেদের আড্ডা। কিন্তু এদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত। এ ব্যাপারে থানা-পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে এলাকার অনেকে প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন।এলাকার বাসিন্দারা জানান, শিয়া সম্প্রদায়ের বিরাট এই কবরস্থান ‘ইরাকি কবরস্থান’ নামে পরিচিত। এর বড় একটা অংশ খালি মাঠ। সেখানে বাচ্চারা খেলাধুলা ও নারী-পুরুষেরা বৈকালিক হাঁটাহাঁটি করে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জ্যেষ্ঠ ব্যক্তি জানান, কোরবানির ঈদের অল্প কিছুদিন আগে রাতারাতি কবরস্থানের একাংশ দখল করে অটোরিকশার স্ট্যান্ড বসিয়েছেন স্থানীয়ভাবে ‘ক্যাডার’ হিসেবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে আনু। তিনি ছাত্রলীগের লালবাগ থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে স্থানীয় কেউ সাহস করে না।জানতে চাইলে আনোয়ার হোসেন অবৈধ স্ট্যান্ড বসানোর কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ইজিবাইকগুলো দলীয় বেকার পোলাপানদের। কিছুদিন হলো আমরা বটতলা থেকে এখানে চলে আসছি।’অটোরিকশা ‘দলীয় বেকার পোলাপানদের’ হলে দৈনিক গাড়িপ্রতি ১০০ টাকা করে চাঁদা তোলা হয় কেন—এই প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘এটা চাঁদা নয়। দুর্ঘটনা হতে পারে, এই জন্য আগাম খরচ তুলি।’স্ট্যান্ডটি বৈধ কি না, জানতে চাইলে আনোয়ার বলেন, ইজিবাইকই তো অবৈধ। অবৈধ যান বলে ইজিবাইক স্ট্যান্ড করার বিষয়ে তিনি প্রশাসনকে জানাননি।গতকাল দুপুরে এই স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, মাঠের উত্তর পাশে দুটি সারিতে ২০-২৫টি অটোরিকশা। তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে তুলছেন এক লাইনম্যান। একাধিক চালক জানান, ওই স্ট্যান্ডে ১০০টির মতো অটোরিকশা আছে। স্ট্যান্ডে প্রবেশের জন্য প্রথমে ১০ হাজার টাকা দিতে হয়েছে তাঁদের। আর প্রতিদিন জায়গার ভাড়া বাবদ ১০০ টাকা করে দিতে হয়। গাড়িগুলো চলে নিউমার্কেট থেকে নবাবগঞ্জ সেকশন পর্যন্ত।একজন চালক বলেন, ‘তাঁদের স্ট্যান্ড আগে নিউমার্কেট-সংলগ্ন বটতলা এলাকায় ছিল। সেখানে পার্শ্ববর্তী হলের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি আনু ভাইকে (আনোয়ার) বলার পর তিনি এখানে আমাদের নিয়ে আসেন।’কথা হয় লাইনম্যান বাদলের সঙ্গে। তিনি প্রতিদিন চালকদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা তোলেন।এই টাকা কার কাছে যায়, জানতে চাইলে বাদল বলেন, ‘টাকাটা আনু ভাইরে দিয়ে দেই। সেখান থেকে তিনি দলের বিভিন্ন নেতা ও থানার পুলিশকে চা-পানির খরচ দেন।’লালবাগ থানার ওসি আজিজুল হক টাকার ভাগ পাওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই স্ট্যান্ড সম্পর্কে আমি জানি না।’