কবীর চৌধুরীর ছিল এক ঈর্ষণীয় জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবীর চৌধুরীর সাফল্যমণ্ডিত সুন্দর এক ঈর্ষণীয় জীবন ছিল। তাঁর জীবনটি ছিল মেধায় প্রদীপ্ত, আদর্শে প্রজ্বলিত, মুক্তচিন্তায় উদ্ভাসিত, শিক্ষকতায় নিবেদিত এবং জনকল্যাণে ব্রত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা’য় কবীর চৌধুরী সম্পর্কে এই কথাগুলো বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কবীর চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে এ স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করে। অর্থমন্ত্রী কবীর চৌধুরীর জীবনের বিভিন্ন পর্বের উল্লেখ করে বলেন, তিনি ছিলেন জাতির অভিভাবক ও প্রগতিশীল চিন্তাধারার প্রতিমূর্তি।অনুষ্ঠানের সভাপতি আয়োজক সংস্থার সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ‘কবীর চৌধুরী আমাদের ’৭২-এর সংবিধান ফিরিয়ে আনার দায়িত্ব দিয়ে গেছেন। এ সংবিধান ফিরে এলে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’ অনুষ্ঠানে বলা হয়, গত ডিসেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত কবীর চৌধুরী দীর্ঘ ২০ বছর ’৭১-এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের ঐতিহাসিক গণ-আদালতের অন্যতম বিচারক ছিলেন তিনি।আলোচনায় অংশ নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, কবীর চৌধুরী যা ভাবতেন তা বলতেন, যা বলতেন তা লিখতেন। নির্মূল কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, যুদ্ধাপরাধী হিসেবে গোলাম আযমের গ্রেপ্তার কবীর চৌধুরী দেখে যেতে পারলেন না, এই একটাই আফসোস তাঁর থেকে গেছে।অনুষ্ঠানে নির্মূল কমিটির সহসভাপতি শ্যামলী নাসরীন চৌধুরী, কবীর চৌধুরীর বন্ধু গাজী সালাহউদ্দিন আহম্মেদ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।