কবে পরিচ্ছন্ন হবে ঢাকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই মেয়র আধুনিক বর্জ্যব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে গত এক বছরে অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। শপথ গ্রহণের তিন থেকে চার মাসের মধ্যে সড়ক থেকে ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছিলেন মেয়ররা। সেই ময়লার কনটেইনার এখনো সড়কেই আছে।
তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কাজ শুরু হয়েছে। বাসাবাড়ি থেকে আনা ময়লা এসব স্টেশনে জড়ো করা হবে। এসব এসটিএস নির্মাণের কাজ শেষ হলে সড়কে ময়লা থাকবে না। ঢাকার দুই মেয়র পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, সড়কের পাশের দোকানদারেরা ফুটপাত দখল করছেন। ড্রেন উপচে পড়ছে ময়লা। এসব ময়লা সাধারণ জনগণই ফেলেন। তাই ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
গত কয়েক দিনে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনের বেলায় ময়লা সরানোর কাজ করছেন। ময়লার কনটেইনার রাখায় সড়ক সরু হয়ে গেছে। বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। আর ময়লার দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক নির্বাচনের পরপরই সড়কে থাকা ময়লার কনটেইনার সরানোর জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস বানানো শুরু করেন। ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে মোট ৭২টি এসটিএস বানানো হবে বলে ডিএনসিসি জানায়। বর্তমানে অর্ধশতাধিক এসটিএস নির্মাণের কাজ প্রায় শেষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, রাস্তায় ময়লার কনটেইনার রাখায় যানজট হচ্ছে, দুর্গন্ধে পথচারীদের সমস্যা হয়। এ অবস্থা থেকে উত্তরণে ইতিমধ্যে অর্ধশতাধিক এসটিএসের নির্মাণকাজ শুরু হয়েছে। অনেকগুলোর কাজ শেষ। এগুলো চালু হলে সড়কে কোনো ময়লা থাকবে না।
ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য তৈরি হয়। আর ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী আছেন সাড়ে তিন হাজার। লোকজন যেখানে ময়লা ফেলে সিটি করপোরেশনের সাড়ে তিন হাজার কর্মীর পক্ষে এই বর্জ্য অপসারণ করা কষ্টসাধ্য।
দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, বর্জ্যব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মীদের কাজকর্ম দেখতে এবং ফাঁকি ধরতে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। তবে এর সবকিছুই সফল হবে জনগণ সচেতন হলে।