কম খরচে 'সন্তোষজনক' সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর শাহজাহানপুরের নগর স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন চিকিৎসক l ছবি: প্রথম আলো
উত্তর শাহজাহানপুরের নগর স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন চিকিৎসক l ছবি: প্রথম আলো
নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র চালু করেছে। এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে নাগরিকেরা কী ধরনের সেবা পান, স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ, চিকিৎসার মান, নাগরিকদের অভিমত নিয়ে প্রথম আলোর ধারাবাহিক আয়োজন নগর স্বাস্থ্যকেন্দ্রের হালচাল


ঘড়ির কাঁটা তখনো একটার ঘরে পৌঁছায়নি। চিকিৎসক তাঁর নির্ধারিত কক্ষে রোগী দেখছেন। অন্তঃসত্ত্বা রিনি আক্তার এসেছেন দক্ষিণ শাহজাহানপুর থেকে। চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু পরামর্শ দেন।

একই এলাকা থেকে শিউলি আক্তার গর্ভকালীন কিছু জটিলতা নিয়ে চিকিৎসকের কাছে এসেছেন। তাঁর রক্তচাপ কম। পাশাপাশি তিনি অপুষ্টিতেও ভুগছেন। কেন্দ্রের চিকিৎসক মোহসিনা তাবাসসুম তাঁকে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করার পরামর্শ দেন। সঙ্গে পুষ্টিকর খাবার খেতে বলেন।

এই চিত্র রাজধানীর উত্তর শাহজাহানপুরের বাগিচা এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্র-৬ এর। মূলত নারী, শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রজেক্টের ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রগুলো চলে। আর কেন্দ্রগুলো পরিচালনা করছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।

পার্টনারশিপ এলাকা-৪-এর অধীনে পরিচালিত এই কেন্দ্রে গতকাল রোববার গিয়ে দেখা যায়, দোতলায় অপেক্ষার কক্ষে বেশ কয়েকজন রোগী টিকিট কেটে অপেক্ষা করছেন। মোসা. ঊর্মি এসেছেন ছোট বোন মুন্নী আক্তারকে নিয়ে। মুন্নী অন্তঃসত্ত্বা। ঊর্মি চান এই সময়ে তাঁরা বোন যেন এই স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নেন। ঊর্মি নিজেও এখান থেকে গর্ভকালীন সেবা নিয়েছেন। কেন্দ্রের সেবা নিয়ে তিনি সন্তুষ্ট। ঊর্মি বলেন, ‘আপাদের ব্যবহার ভালো। এইখানে যখনই আসি, তখনই ডাক্তার দেখানো যায়।’ পাশ থেকে আরেক রোগী বলেন, ‘আমাদের পরিবারের কেউ অসুস্থ হলেই এখানে নিয়া আসি। সবাই আন্তরিক। ভালো সমাধান পাই।’

গতকাল বেলা দুইটা পর্যন্ত এই কেন্দ্রে ৩৭ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে পুরুষ আটজন, শিশু সাতটি। বাকিরা নারী। তবে টিকা দেওয়ার নির্ধারিত দিনগুলোতে রোগীর সংখ্যা আরও বেশি থাকে। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশ নিম্ন আয়ের। তবে মধ্যবিত্তরা আসে।

চিকিৎসক জানালেন, প্রসবপূর্ব এবং পরবর্তী সেবা নিতে রোগীরা বেশি আসে। এখন শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক মোহসিনা তাবাসসুম আরও বলেন, অনেক মা সন্তান দেখভালের বিষয়ে এখনো পুরোপুরি সচেতন নন। পাশাপাশি নিজেরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিতে গুরুত্ব দেন না। এ জন্য অনেকেই বিভিন্ন ধরনের সংক্রমণের শিকার হন।

জানা গেছে, পুরুষেরা মূলত জ্বর, সর্দি-কাশি, ডায়াবেটিস বা রক্তচাপ মাপার জন্য এখানে আসে। যক্ষ্মার রোগীও আসে। গত সপ্তায় যক্ষ্মায় আক্রান্ত ১৭ বছরের এক কিশোর চিকিৎসা নিতে এসেছে।

গতকাল অভিভাবকের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে আসে তিন বছরের তৌসিফ। সে শ্বাসকষ্ট ও পেটের সমস্যায় ভুগছে। প্যারামেডিক রুমা আক্তার শিশুটিকে প্রাথমিকভাবে দেখে চিকিৎসকের কাছে পাঠিয়ে দেন। তিনি বলেন, আগের থেকে মায়েদের সচেতনতা বেড়েছে। রুমা আক্তার আরও বলেন, এই কেন্দ্রে চিকিৎসা নিতে আসা শিশুদের বেশির ভাগই মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছে। মারাত্মক অপুষ্টির শিকার শিশুর সংখ্যাও কম নয়।

এই কেন্দ্রের কাছাকাছি বস্তি এলাকা। সেখান থেকে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের মধ্যে কেউ কেউ যৌন রোগে আক্রান্ত থাকেন। এ বিষয়ে প্যারামেডিক রুমা আক্তার বলেন, আক্রান্ত নারীদের অনেকে চিকিৎসা নিতে চান না। অনেক কৌশলে তাঁদের চিকিৎসা করাতে হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের এই স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন আছে। নয়টি কক্ষে আলাদা সেবা দেওয়া যায়। এখানে ৫০ টাকা ভিজিটে চিকিৎসা নেওয়ার পাশাপাশি কম খরচে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে। ওষুধের দামও বাজারমূল্য থেকে ১০ শতাংশ কম।