কমলাপুর থেকে অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্য গ্রেপ্তার
কমলাপুর রেলস্টেশন এলাকায় গত রোববার অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে ঝাঁজালো মলম ও অজ্ঞান করার বড়ি উদ্ধার করা হয়েছে। এঁরা হলেন বাবুল মিয়া, মো. আল আমিন, মারুফ হোসেন, রানা মিয়া ও মো. সামিদুল।
ডিবির উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম বলেন, দক্ষিণ কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, কমলাপুর রেলস্টেশন ছাড়াও মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর এলাকায় বাস বা জনাকীর্ণ এলাকায় তাঁরা কৌশলে নেশাজাতীয় বা চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে তাঁদের কাছে থাকা টাকা ও মূল্যবান দ্রব্যাদি নিয়ে যান। আর মলম পার্টির সদস্যরা অপেক্ষাকৃত নির্জন স্থান বেছে নেন। তাঁরা মানুষের চোখে মলম ঘষে দিয়ে তাদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেন।