কমলাপুর বাস ডিপোতে আগুন, ২ এসি বাস ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বিআরটিসি বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিআরটিসির দুটি এসি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনা তদন্তে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে জানান, কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ঘটনার পর আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

বিআরটিসি বলছে, দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (হিসাব) মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে পরিচালক (কারিগরি) কর্নেল মো. জাহিদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করে দেখবে কমিটি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী করলে এ ধরনের ঘটনা ঠেকানো যাবে, সেটিও জানাবে তদন্ত কমিটি।