কমলাপুর স্টেশন থেকে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ফেনসিডিলসহ মাহবুব হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মাহবুব হোসেনের বাড়ি চুয়াডাঙ্গায়। গতকাল বেলা তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের যাত্রী মাহবুব কমলাপুর রেলস্টেশনে নামেন। এ সময় তাঁকে দেখে সন্দেহ হলে পুলিশ তাঁর দেহ তল্লাশি করে। এ সময় ‘বডি ফিটিং’ অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব জানান, এর আগেও তিনি এভাবে ফেনসিডিল আনা-নেওয়া করেছেন। গতকাল বহন করা ফেনসিডিলগুলো শনির আখড়ায় নিয়ে যাচ্ছিলেন। সেখানে এগুলো কার কাছে দেওয়ার কথা ছিল, তা তিনি স্বীকার করেননি। মাহবুব জানিয়েছেন, যাঁকে দেওয়া হবে, তাঁর নাম তিনি জানেন না। কেবল জানতেন, একজন লোক এসে এগুলো নিয়ে যাবেন। রেলওয়ে থানায় এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।