থানা থেকে দালালদের উচ্ছেদ করতে হলে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। পুলিশ ও সাধারণ মানুষের মাঝে থানায় আছে অসাধু দালালশ্রেণী। এদের উচ্ছেদ করলেই সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সুফল পাবে। রমনা ও শাহবাগ থানার উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশের সমাবেশে বক্তারা এ অভিমত দেন। গতকাল শনিবার বিকেলে রমনা পার্কের বটতলায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, রাজধানীত অপরাধ নিয়ন্ত্রণে আরও ১০টি নতুন থানা করা হবে। এতে করে থানার সংখ্যা হবে ৫১টি। এভাবে থানা বাড়লে রাজধানীতে প্রতি ৬৫০ জন লোকের জন্য একজন করে পুলিশ থাকবে। তিনি বলেন, রাজধানীতে এখন ৪৭১টি কমিউনিটি পুলিশের শাখা রয়েছে। এসব শাখায় ২১ হাজারের বেশি মানুষ সম্পৃক্ত। তাঁরা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন পদ্ধতির বদলে পুলিশ এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। অনলাইনে সাধারণ ডায়েরি করা শুরু হয়েছে, এর সুফলও মানুষ পাচ্ছে। তিনি সব থানায় সিসি টিভি কার্যকর করার পরামর্শ দেন। সাহারা খাতুন বলেন, আগামী তিন বছরে ৩২ হাজার পুলিশ নিয়োগ করা হবে। কিন্তু পুলিশের সংখ্যা বাড়ালেই আইনশৃঙ্খলা রক্ষা করা যাবে না। এ জন্য জনগণকে সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, আগে মনে করা হতো, পুলিশ সাধারণ মানুষের শত্রু। এখন সে অবস্থা নেই। এক বছরে প্রমাণিত হয়েছে, ‘পুলিশ-জনতা ভাই ভাই।’ তিনি কমিউনিটি পুলিশের সদস্যদের বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে সাংসদ রাশেদ খান মেনন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। সাংসদ আসাদুজ্জামান খান বলেন, তেজগাঁও অঞ্চলে এক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না। কমিউনিটি পুলিশের কারণে এ এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে এখন ভালো। এটা কমিউনিটি পুলিশের কারণেই সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সবকিছুর জন্য শুধু পুলিশের ওপর দায় চাপালে চলবে না। সমাজের মানুষ হিসেবে আমাদের নিজেদেরও দায় নিতে হবে। ভালো কাজের জন্য এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের মূল আলোচক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, ১৮৬১ সালে প্রণীত জনবিরোধী পুলিশ আইনের কারণেই জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি হয়েছে, পুলিশবিরোধী মনোভাব গড়ে উঠেছে। এতে করে দালালশ্রেণীরও সৃষ্টি হয়েছে। এখন সাধারণ মানুষ ও পুলিশের মাঝে দালালেরা অবস্থান করে। এদের কারণে অনেক সময় সাধারণ মানুষ পুলিশের কাছে আসতে পারে না। তিনি বলেন, কমিউনিটি পুলিশ-ব্যবস্থা জোরদার করলে থানা থেকে দালালশ্রেণী দূর হয়ে যাবে। তখন মানুষ সরাসরি পুলিশের সুফল পেতে পারবে। তিনি দালালদের মাধ্যমে না গিয়ে সরাসরি থানায় আসার পরামর্শ দেন। কমিউনিটি পুলিশের সমাবেশে সভাপতিত্ব করেন রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায়। এতে আরও বক্তব্য দেন সাংসদ আসমা জেরিন ঝুমু ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান।