নাগরিক বিনোদন ও সামাজিকীকরণের লক্ষ্যে তৈরি করা কমিউনিটি সেন্টারগুলো বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। অথচ পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কমিউনিটি সেন্টারগুলো সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।‘মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিকাশে কমিউনিটি সেন্টারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেছেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারের গবেষণাধর্মী মূল প্রবন্ধে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের মোট ৩৯টি কমিউনিটি সেন্টার আছে। এর মধ্যে ২১টি কমিউনিটি সেন্টারে জরিপ চালানো হয়। সেখানে দেখা যায়, ২১টির মধ্যে ১৯টি কমিউনিটি সেন্টার শুধু বিয়ে, জন্মদিন ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহূত হয়। সেখানে অন্য কোনো কার্যক্রম যেমন পাঠাগার, ব্যায়াম বা বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ৩৯টি কমিউনিটি সেন্টারের তিনটি ব্যবহূত হয় বিভিন্ন অবৈধ কাজে এবং বখাটেদের আড্ডাস্থল হিসেবে।পবা ও ডব্লিউবিবি ট্রাস্ট পর্যবেক্ষণমূলক ওই জরিপ পরিচালনা করে। ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি-সহযোগী রুহান শামা ওই জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন।আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটির জনসাধারণের জন্য পাঠাগার, ব্যায়ামাগার সুবিধা, মানুষের মিলনস্থল, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য কার্যক্রম পরিচালনা ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কমিউনিটি সেন্টারগুলো তৈরি করা হয়েছিল। অথচ এখন ঢাকার কোনো কমিউনিটি সেন্টারই সামাজিক সম্পর্ক উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছে না। বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করে কমিউনিটি সেন্টারগুলোকে সামাজিক সম্পর্ক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে বক্তারা বলেন, এতে সামাজিক অনেক অবক্ষয় কমে আসবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সারওয়ার জাহান, হাফিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান।