কমিউনিটি সেন্টারেই মুগদা থানা
রাজধানীর মুগদাবাসীর সামাজিক অনুষ্ঠান আয়োজনে ব্যবহূত একমাত্র কমিউনিটি সেন্টারেই উদ্বোধন হলো নতুন মুগদা থানা। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরের ৪৮তম থানা হিসেবে তা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন দাবি করেন, পুলিশকে গণমুখী করতে ও জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এই থানা হওয়া নিয়ে এলাকার বিভিন্নজনের মধ্যে ভুল ধারণা ছিল। কমিউনিটি সেন্টারকেন্দ্রিক কার্যক্রম আগের মতোই চলবে।’পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, আনুপাতিক হারে পুলিশের সংখ্যা কম হলেও জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান এবং অপরাধ দমন সম্ভব।ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে তাকে চাকরিচ্যুত করা হবে। আমরা সরষের মধ্যে ভূত দেখতে চাই না।’ তিনি বলেন, কিছু কিছু আকস্মিক ও উদ্ভূত ঘটনার মাধ্যমে সব পুলিশকে ‘ডকে’ দাঁড় করানো নৈতিক কাজ নয়।উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।