কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে গত সোমবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ছয়জন নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গত সোমবার রাতে প্রধান ছাত্রাবাসে জাভেদ পক্ষ আরবি পক্ষের ওপর হামলা চালায়। হামলায় আরবি পক্ষের আকিব জাহান ও উপল আহত হন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ওই রাতেই পুলিশ ছাত্রাবাসের প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। তবে পুলিশ সেখান থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধ থাকায় সেখানে কমিটি গঠিত হয়নি। কে সভাপতি হবেন তা নিয়ে উভয় পক্ষে দ্বন্দ্ব রয়েছে। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপও করছে।গতকাল মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে পৃথক অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলামের ইঙ্গিতে পুলিশ ছয়জন নেতাকে আটক করে। তাঁরা হলেন জাভেদ পক্ষের মোহাম্মদ জাভেদ, প্রহল্লাথ ও সোয়েব এবং আরবি পক্ষের আতাউল করিম ওরফে আরবি, মিজানুর রহমান ও আশিকুর রহমান। নেতাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।পরে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক তোহর আলীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, থানায় আটক ছাত্রদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাস শান্ত।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এই আশ্বাস দিয়ে অধ্যক্ষ ছাত্রদের ছাড়িয়ে নিয়ে গেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।