কমিটিতে ঘুরেফিরে একই নেতারা ব্যবসায়ীদের হয়রানি!
রাজধানীর নীলক্ষেত এলাকার হজরত বাকুশাহ মার্কেট সমবায় সমিতির নেতারা সাধারণ ব্যবসায়ীদের মারধর ও হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আলম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামানসহ কয়েকজন তাঁদের হয়রানি করছেন। তাঁরা বেআইনিভাবে দীর্ঘদিন পদ ধরে রেখেছেন। সম্প্রতি সাধারণ ব্যবসায়ীদের দোকান উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে সমবায় অধিদপ্তরের একটি নিরীক্ষা প্রতিবেদনে কমিটিতে আবদুল খালেক, নূরুল ইসলাম ও আসাদুজ্জামানের থাকাকে আইনবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।১৯৭৯ সালে মার্কেটটি সমবায় অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা দুই হাজারের মতো। ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা ১২।ব্যবসায়ীরা বলছেন, এযাবৎ মোট ১১ বার সমিতির নির্বাচন হয়েছে। প্রতি কমিটিতে আবদুল খালেক সভাপতি বা সহসভাপতি হিসেবে ছিলেন। একইভাবে নূরুল ইসলাম আলম ও আসাদুজ্জামান কমিটিতে সহসাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ছিলেন।ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, গোপনে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এবং আত্মীকরণ বা শূন্যপদ পূরণের (কো-অপ্ট) কৌশল অবলম্বন করেই ৩৪ বছর ধরে তাঁরা সমিতিতে বহাল তবিয়তে আছেন।কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ২০১১ সালের নির্বাচনে আবদুল খালেকের মেয়ে সুরাইয়া খালেক সভাপতি, নূরুল ইসলামের ছেলে দীন মোহাম্মদ সম্পাদক এবং আসাদুজ্জামানের ছেলে মোশাররফ হোসেন কোষাধ্যক্ষ হন। এ তিন পদসহ কমিটির মোট ১২টি পদই ওই কর্মকর্তাদের স্বজন ও পরিচিতজন। এঁরা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পরে কো-অপ্টের মাধ্যমে খালেক সভাপতি, নূরুল সম্পাদক ও আসাদুজ্জামান কোষাধ্যক্ষ হন। সমবায় অধিদপ্তরের থানা সমবায় কর্মকর্তার দেওয়া ২০১১-২০১২ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, কো-অপ্টের মাধ্যমে ওই তিনজনের কমিটিতে থাকাটা সমবায় সমিতি আইন ১৮ ধারার ৮ উপধারার পরিপন্থী। হয়রানির অভিযোগ: ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি বহুতল ভবন নির্মাণের কথা বলে সমিতির নেতারা মৌখিকভাবে ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করার নির্দেশ দেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ২৯ ডিসেম্বর নেতারা গোপনে নিজেরাই বৈঠক করে উচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং ভবন নির্মাণের ব্যাপারে কাউকে না জানিয়ে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘উচ্ছেদের ঘোষণার পর গত ২৯ জানুয়ারি আমরা আদালতের শরণাপন্ন হই। আদালত মার্কেটে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে সমিতির নেতারা দেয়াল তুলে মার্কেটের কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দেন। এ নিয়ে গত ২ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে আমরা একটি মানববন্ধন করি। মানববন্ধন শেষে মার্কেটে ঢুকলে সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা করা হয়।’ব্যবসায়ীরা জানান, সমিতির নেতারা ২৯ ডিসেম্বর সভার যে কাগজপত্র আদালতে উপস্থাপন করেছেন, তাতে অনেক ব্যবসায়ীর সই জাল করে দেখানোর চেষ্টা হয়েছে। সই জালের অভিযোগে তাঁরা আদালতে মামলা করেছেন।নেতারা বলছেন: ব্যবসায়ী আবদুল খালেক বলেন, ‘আদালত ব্যবসায়ীদের আবেদন খারিজ করে দিয়েছেন। পরিকল্পিতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’ সই জাল করার অভিযোগ তিনি অস্বীকার করেন। তবে সম্পাদক নূরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতির কারণে আইনপরিপন্থী কাজ করতে হয়েছে। তবে আমরা অচিরেই নির্বাচন দিয়ে দেব।’আইন লঙ্ঘন করে দীর্ঘদিন পদে থাকাসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে কমিটির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘মার্কেটের বৃহত্তর স্বার্থে এগুলো করা হয়েছে। আসলে আইনের বিষয়ে আমরা এত বেশি ওয়াকিবহাল নই।’সমবায় কর্মকর্তার বক্তব্য: জানতে চাইলে সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে অভিযোগ আসার পর তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত চলছে। অনিয়ম বা ভুলত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।’