কমিশন না বাড়ালে কঠোর ধর্মঘটের হুমকি রিচার্জ ব্যবসায়ীদের
মুঠোফোন রিচার্জে কমিশন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনে সাময়িক বিরতি দিয়েছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে এই বিরতি। তবে পরবর্তী ধর্মঘট আরও কঠিন করা হবে বলে হুমকি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তাঁরা। এদিকে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস ইন বাংলাদেশ) জানিয়েছে, রিচার্জের কমিশন বাড়ানো যাবে না। অ্যামটবের সাধারণ সম্পাদক নুরুল কবির গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেওয়া কমিশন পছন্দ না হলে ডিলার বা রিটেইলাররা রিচার্জ করবেন না। কিন্তু গ্রাহকদের জিম্মি করে আন্দোলন করা ঠিক নয়। মুঠোফোন রিচার্জে যে কমিশন দেওয়া হয়, তা আন্তর্জাতিক মান অনুসারেই। তার পরও অপারেটররা এ বিষয়ে আলোচনায় বসতে রাজি। কিন্তু কার সঙ্গে ও কীভাবে আলোচনা হবে সেটাই প্রশ্ন।’গত বৃহস্পতিবার থেকে দেশব্যাপী একযোগে ধর্মঘট শুরু করেন মুঠোফোন রিচার্জ ব্যবসায়ীরা। এটি চলে গত রোববার পর্যন্ত। এ সময় চরম দুর্ভোগে পড়েন কয়েক কোটি গ্রাহক। বিশেষ করে উপজেলা-গ্রামভিত্তিক গ্রাহকেরা। আন্দোলনের আগের দিন বুধবারই অনেকে একসঙ্গে হাজার টাকা রিচার্জ করে রেখেছেন। আর যাঁরা রিচার্জ করতে পারেননি, তাঁরা সমস্যায় ভুগেছেন। অন্যদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নেয়নি। গ্রাহকদের ভোগান্তির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, দুই পক্ষই ব্যবসায়ী। রিচার্জ ব্যবসায়ী এবং মুঠোফোন অপারেটররা আলোচনা করে সমস্যার সমাধান করতে পারলে সবচেয়ে ভালো হবে। তবে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে বিটিআরসি আর বেশিদিন মুখ বুজে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। মোবাইল রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, রিচার্জ ব্যবসায়ীরা তাঁদের কমিশনের পরিমাণ ২ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন। তা ছাড়া সব মিলিয়ে তাঁদের ১১ দফা দাবি রয়েছে। দাবি আদায়ে ২০০৮ সাল থেকে আন্দোলন সংগ্রাম শুরু করলেও গত সেপ্টেম্বরে প্রথম ধর্মঘটে যান তাঁরা।অ্যামটবের সাধারণ সম্পাদক নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘কমিশন বাংলাদেশে যা দেওয়া হয়, তা পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান। এটি বাড়ানোর কিছু নেই। কারণ, যত বেশি গ্রাহক বাড়বে, রিচার্জ ব্যবসায়ীদের রিচার্জের পরিমাণও বাড়বে। আর রিচার্জ ব্যবসায়ীরা চাইলে আলোচনায় বসে সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু আমরা কার সঙ্গে বসব।’