কমিশনার কার্যালয়কে পুলিশ জাদুঘর করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পুরান ভবনটি ‘পুলিশ জাদুঘর’ করা হচ্ছে। গতকাল বুধবার মহানগর পুলিশ কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পুলিশ জাদুঘরে পুলিশের ইতিহাস-ঐতিহ্যের উপাদানগুলো স্থান পাবে।পুলিশ কর্মকর্তারা জানান, প্রস্তাবিত জাদুঘরে পুলিশের কার্যক্রমের সূচনাকাল থেকে ব্যবহূত পোশাক, র্যাংক-ব্যাজ, অস্ত্র, সরকারি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন, পুলিশের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের বিবরণ ও পুলিশের বিরল স্মৃতিচিহ্নের প্রতিরূপ, পুলিশে ব্যবহূত যন্ত্রপাতি যেমন- রায়ট কন্ট্রোল কার, জলকামান, লাঠি, ঢাল প্রদর্শনসহ বিভিন্ন উপাদান রাখা হবে। মুক্তিযুদ্ধে পুলিশের সাহসিকতাপূর্ণ অবদানের ইতিহাসও এ জাদুঘরে স্থান পাবে। এ ছাড়া জাদুঘরে মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনসহ সারা দেশে যেসব পুলিশ শহীদ হয়েছেন তাঁদের তালিকা এবং শহীদ পুলিশ সদস্যদের ব্যবহূত সামগ্রী প্রদর্শিত হবে। জাদুঘর গড়ে তোলার জন্য ইতিমধ্যে সারা দেশে পুলিশ সদস্যদের কাছ থেকে পুলিশের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক উপাদান সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।জানা যায়, মহানগর পুলিশ কার্যালয়সহ মিন্টো রোডের লাল বাড়িগুলোয় এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাস করতেন। পরে সেগুলো মন্ত্রীদের বসবাসের জন্য বরাদ্দ করা হয়। পুলিশ কমিশনারের কার্যালয় যে বাড়িতে, সেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তত্কালীন আওয়ামী লীগ সরকারের পানি সম্পদমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত সপরিবারে নিহত হন। পরে বাড়িটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৭৬ সালে এ বাড়ি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, জাদুঘরে আব্দুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি আলাদা গ্যালারি থাকবে।