কম্পিউটার বিজ্ঞান বিভাগের সন্ধ্যাকালীন কোর্স স্থগিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কর্তৃপক্ষ। গতকাল বুধবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন শিক্ষার্থীদের লিখিতভাবে কোর্স স্থগিত করার ওই সিদ্ধান্ত জানান। এর আগে সকালে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিভাগীয় ভবনে তালা লাগিয়ে দেন। দুপুর ১২টা থেকে তাঁরা দোয়েল চত্বরে বিক্ষোভ শুরু করেন। প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। এতে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিভাগের শিক্ষকেরা আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অটল থাকেন। পরে বিভাগের ডিনসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে এসে কোর্স স্থগিত করা ও পরে বাতিলের বিষয়ে সুপারিশ করার লিখিত আশ্বাস দিলে বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। অনুষদের ডিন শাহিদা রফিক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। একাডেমিক কমিটির সঙ্গে আলোচনা করে কোর্সের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। কোর্স বাতিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ২২ মে থেকে আন্দোলন শুরু করেন। এরপর এই দাবিতে মানববন্ধন, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রসঙ্গত, ১১ মে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই বিভাগেও সন্ধ্যাকালীন কোর্স বাতিল করা হয়। গত বছরের ১৪ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফলিত পদার্থবিজ্ঞান ইলেক্ট্রনিক্স; কমিউনিকেশন ইঞ্জিনিয়ার বিভাগ এবং ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত নেয়।