কর কমিশনে ঢুকে কর্মচারীকে পেটাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে কর কমিশনার-৬-এর কার্যালয়ে ঢুকে মহিবুল হক নামের এক কর্মচারীকে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পেটানোর এ অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।

কর কমিশনার মেফতাহউদ্দিন গতাকল রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় পোশাকধারী পুলিশ তাঁর কার্যালয়ে ঢুকে কোনো কারণ ছাড়াই অফিস পিয়ন মহিবুল হককে বেধড়ক পেটাতে থাকে। এ সময় নিরাপত্তাকর্মীসহ অন্য কর্মচারীরা নিবৃত্ত করতে গেলেও পুলিশ শোনেনি। তারা প্রতিষ্ঠানে তল্লাশির হুমকি দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মতিঝিল অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার সাইফুল আলম। তাঁর সঙ্গে কথা বলতে চাইলে সহকারী কমিশনার কথা বলেননি। পরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পুলিশ সেখান থেকে চলে যায়।

কর কমিশনার বলেন, তিনি বিষয়টি নিয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আজ কথা বলতে পারেন।

জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নয়াপল্টনের কর কমিশনার-৬-এর কার্যালয়ের পার্কিংয়ে ওই কার্যালয়ের গাড়িচালক প্রতিপক্ষের হাতে আহত হন। এ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি কিংবা তথ্য দিয়েও সহযোগিতা করা হয়নি। সেখান থেকে পুলিশ ফিরে আসে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, আহত গাড়িচালক বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উপকমিশনার বলেন, এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ আদালতের অনুমতি নিয়ে ঘটনার তদন্ত করবে পুলিশ। তিনি দাবি করেন, পুলিশ কোনো কর্মচারীকে মারধর করেনি।