কর বাড়ালে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমবে, রাজস্ব বাড়বে
বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৭ হাজার মানুষ মারা যায়। তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে। অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়াতে হবে। এতে তামাক সেবনের হার কমবে। অন্যদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে।গতকাল মঙ্গলবার তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির গুরুত্ববিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সমন্বয় ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।উন্নয়ন সমন্বয়ের গবেষণার সূত্র উল্লেখ করে কর্মশালায় জানানো হয়, কমপক্ষে ২৫ ভাগ কর বাড়ালে তামাকজাত পণ্যের ১৫ ভাগ দাম বাড়বে। এর ফলে বিড়ির ব্যবহার কমপক্ষে নয় ভাগ এবং সিগারেটের ব্যবহার পাঁচ ভাগ কমবে। সরকারের রাজস্ব বাড়বে ১৭ থেকে ১৯ ভাগ।কর্মশালায় সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর একই হারে কর আরোপ, তামাকজাত দ্রব্যের দাম কমপক্ষে ১৫ ভাগ বৃদ্ধি করা, ৩ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন কর ধার্য করার পাশাপাশি কর বৃদ্ধির জন্য একটি নীতিমালা তৈরির সুপারিশ করা হয়।কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় প্রফেশনাল অফিসার মোস্তফা জামান, উন্নয়ন সমন্বয়ের প্রকল্প সমন্বয়কারী চিন্ময় মুৎসুদ্দী, সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।ট্রাস্টের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক জুলফিকার আলী, ড. গোলাম, মো. মুনির, অর্থনীতিবিদ মাহফুজ কবির, সুজানা করিম এবং ট্রাস্টের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।